আমতলীর পাউবো কার্যালয় বন্ধ ১৮ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় কার্যালয়টি ১৮ বছর বন্ধ রয়েছে। এতে স্থানীয় লোকজন নদী ও বাঁধ ভেঙে গেলে তাৎক্ষণিকভাবে কোনো সহায়তা বা পরামর্শ পাচ্ছে না।এলাকাবাসীর অভিযোগ, কার্যক্রম বন্ধ থাকায় পাউবোর কোয়ার্টার ও ডাকবাংলোয় বহিরাগতরা বসবাস করছে। এ ছাড়া এখানে অসামাজিক কার্যকলাপসহ মাদক সেবন হচ্ছে।গত বুধবার জেলা প্রশাসক মো. মজিবর রহমান চাওড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় পরিদর্শনে এলে স্থানীয় লোকজন অভিযোগ করেন, নদীভাঙন, বাঁধসংক্রান্ত বিষয়, ফসলি জমিতে জলাবদ্ধতাসহ বিভিন্ন ধরনের সমস্যা পোহালেও পাউবোর কোনো সহায়তা তাঁরা পান না। জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।পাউবো বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাউবোর আমতলীর কার্যালয়ে উপবিভাগীয় প্রকৌশলীসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। বর্তমানে একজন কার্যসহকারী সেখানে অবস্থান করছেন। কার্যসহকারী আলমগীর হোসেন কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ার্টার ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে ডাকবাংলোয় অসামাজিক কার্যকলাপ চলার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, জনবলের সংকটের কারণে কার্যালয় চালু করা যাচ্ছে না। বহিরাগতদের কাছে স্টাফ কোয়ার্টার ভাড়া দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’