আমতলীর বাজারে পানের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরজের ক্ষতি হওয়ায় বরগুনার আমতলী উপজেলার বাজারগুলোতে এক চলি (৩৬টি) পান বিক্রি হচ্ছে দেড় শ টাকায়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে উপজেলার প্রায় পাঁচ হাজার পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বাজারে পানের সংকট দেখা দিয়েছে। তাই বাজারে পানের দাম বেশি।শনিবার উপজেলার পানের সবচেয়ে বড় বাজার চুনাখালী বাজার ঘুরে দেখা গেছে, মাত্র তিনজন চাষি স্বল্প পরিমাণে পান বিক্রি করতে এসেছেন। গুলিশাখালীর পানচাষি নারায়ণ চন্দ্র বলেন, মাঝারি আকারের এক চলি (৩৬টি) পান ১৫০ টাকা দরে বিক্রি করছেন। তিনি আরও জানান, দুই মাস ধরে পানের বরজের পান গাছগুলো বিবর্ণ হয়ে পাতা ঝড়ে পড়েছে। আমতলী শহরের পান বিক্রেতা মনির ও জাকির জানান, বড় এবং মাঝারি আকারের পান বাজারে নেই। অন্যান্য বছর যে পান ফেলে দেওয়া হতো সেই আকারের ছোট ছোট পান প্রতি চলি তাঁরা ৮০-১০০ টাকা দরে কিনছেন। ক্রেতাদের কাছে খিলি পান তাঁরা পাঁচ টাকা করে বিক্রি করছেন। মাঝারি আকারের পান কিনতে ১৫০-১৬০ টাকা লাগছে। তা-ও মাঝেমধ্যে পাওয়া যাচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, আমতলী থেকে প্রতিবছর ঢাকা ও বরিশালসহ বিভিন্ন জেলায় পান সরবরাহ করা হতো। শীত মৌসুমে ঘন কুয়াশা পড়ায় পানের বরজগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমতলীতে পানের সংকট দেখা দিয়েছে।