আমতলীর শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার ১৫১টি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি দিয়ে গত মঙ্গলবার শিক্ষকদের বনভোজন অনুষ্ঠান আয়োজনের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান গতকাল বুধবার দুপুরে এই নোটিশ দেন। নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। মো. তবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বরগুনার আমতলী উপজেলার ১৫১টি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে উপজেলার ৭০৫ জন শিক্ষককে নিয়ে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা এই বনভোজন আয়োজন করেন। এতে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
বনভোজনের জন্য শিক্ষকদের কাছ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এ ছাড়া বনভোজনের বাকি অর্থ দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন। উপজেলার সব বিদ্যালয় একযোগে ছুটি ঘোষণা করে বনভোজন আয়োজন করায় শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে বুধবার প্রথম আলোতে ‘বনভোজন, তাই ১৫১ বিদ্যালয় ছুটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।