আমতলীর সাড়ে তিন হাজার শিক্ষার্থী এক বছরেও সনদ পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) উত্তীর্ণ ৩ হাজার ৬০০ শিক্ষার্থী এক বছর পরও মূল সনদ পায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অভিভাবকেরা ধরনা দিলেও সনদ পাননি।
শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষার ফলাফল ওই বছরের ডিসেম্বর মাসে প্রকাশ করা হয়। এতে উপজেলার ৩ হাজার ৬২৬ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এক বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা মূল সনদ হাতে পায়নি। আবার ২০১৪ সালে উপজেলা থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ৩২৭ জন শিক্ষার্থীর সনদ বিতরণ করা হলেও আগের বছরের শিক্ষার্থীরা সনদ পায়নি।
বেশ কয়েকজন অভিভাবক ক্ষোভের সঙ্গে জানান, মূল সনদের জন্য আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে দিনের পর দিন তাঁরা ধরনা দিয়েছেন। কিন্তু সনদ পাননি। এমনকি কবে পাবেন ও কেন এত দিনেও সনদ বিতরণ করা হচ্ছে না, তার যথাযথ কারণও জানতে পারছেন না তাঁরা।
আমতলী শহরের অভিভাবক ভজহরি কুণ্ডু জানান, সনদের জন্য কম করে হলে ২০ বার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গেছেন। প্রতিবারই বলা হয়েছে পরে দেওয়া হবে। বিষয়টি নিয়ে তাঁরা সবাই চিন্তিত। অভিভাবক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষা কার্যালয়ে গিয়ে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা আমাদের এ বিষয়ে সন্তোষজনক কোনো কারণ জানাতে পারছেন না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিশ চন্দ্র শীল বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সনদ চেয়ে তিনবার চিঠি পাঠানো হলেও জবাব মেলেনি। কী কারণে ২০১৩ সালের শিক্ষার্থীদের সনদ পাঠানো হচ্ছে না, সেটা তাঁদেরও জানা নেই।