আমতলীর সাত ইউপির চারটিতে ২১ জানুয়ারি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার নবগঠিত সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চারটির নির্বাচন ২০১২ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে আদালতে মামলা থাকায় বাকি তিনটি ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন ওই চার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এগুলো হলো: কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা। যে তিনটি ইউপির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে, সেগুলো হলো: শারিকখালী, পচাকোরালিয়া ও ছোটবগী।উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ জানান, ১৫ ডিসেম্বর থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ ডিসেম্বর। ৫ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তালতলী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১০ সালের ৬ এপ্রিল একটি নির্দেশনা দেয়। সে অনুযায়ী জেলা প্রশাসন উপজেলার বড়বগী, পচাকোরালিয়া ও কড়ইবাড়িয়া—এ তিনটি ইউনিয়নকে পুনর্বিন্যাস করে বড়বগী, নিশানবাড়িয়া, সোনাকাটা, পচাকোরালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া ও শারিকখালী নামে সাতটি ইউনিয়ন পুনর্গঠন করে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নবগঠিত সাতটি ইউনিয়ন নিয়ে উপজেলায় ১৪টি ইউনিয়ন হয়েছে। এগুলোর মধ্যে সাতটি ইউপিতে ৩ মার্চ নির্বাচন হয়েছে। তবে আইনি জটিলতায় দক্ষিণাংশের ইউপিগুলোর নির্বাচন পিছিয়ে যায়। ২০১২ সালের ২১ জানুয়ারি কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউপির নির্বাচন করার প্রস্তুতি চলছে।