আমতলীর সাত ইউপির নির্বাচন স্থগিত
বরগুনার আমতলী উপজেলার নবগঠিত সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে ছাপানো ভোটার তালিকা না পাওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচন করা যাচ্ছে না বলে উপজেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ মার্চ আমতলীর ১৪টি ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়। আগামী ৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন নবগঠিত পঁচাকোরালিয়া, ছোটবগী, কড়াই-বাড়িয়া, শারিকখালী, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়নের ছাপানো ভোটার তালিকা প্রকাশ করতে না পারায় নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।এ ছাড়া উপজেলার অন্য সাতটি ইউনিয়ন গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া, আমতলী ও আড়পাঙ্গাসিয়ায় নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।আমতলী উপজেলা নির্বাচন কার্যালয় গত রোববার থেকে নির্বাচনে ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। গত সোমবার ওই সাত ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ার সংবাদ শুনে সম্ভাব্য প্রার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে টেলিফোনের মাধ্যমে নির্বাচন স্থগিত হওয়ার সংবাদ জেনেছি। এখনো কোনো লিখিত নির্দেশ আসেনি।’