আমতলীর সড়কগুলো টমটমের দখলে, বাড়ছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনার আমতলীতে অবৈধ যান টমটম চলাচল করায় সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। টমটম উল্টে কিংবা এ যানটির সঙ্গে ট্রাকসহ অন্যান্য যানবাহনের সংঘর্ষে এক বছরে ১৮ জন নিহত ও আড়াই শ মানুষ আহত হয়েছে। ৬ নভেম্বর স্বামী, সন্তান, বাবা, ভাই ও বোনের ছেলেদের সঙ্গে উপজেলার চরপাড়ার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন খাদিজা বেগম। তাঁরা আমতলী শহর থেকে একটি শ্যালইঞ্জিনচালিত যান টমটমে ওঠেন। আমতলী-কলাপাড়া সড়কের মানিকঝুরি এলাকায় একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজার স্বামী খলিলুর রহমান, বাবা মনসুর আলী, ভাই জাকির হোসেন ও বোনের ছেলে সজিব নিহত হয়। দুই বছর আগে আমতলী-পটুয়াখালী সড়কে আমতলী শহরের ব্যবসায়ী মহিন উদ্দিনের মোটরসাইকেলের ওপর একটি টমটম উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এখনো তিনি ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে সর্বপ্রথম উপজেলার আমতলী-তালুকদারহাট সড়কে দু-তিনটি টমটম চলাচল শুরু করে। বর্তমানে আমতলী উপজেলার ২২টি সড়কে এক হাজারেরও বেশি টমটম চলাচল করে। স্থানীয় লোকজন ও কয়েকজন টমটমচালক জানান, পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত ৩০০, খুরিয়ার খেয়াঘাট-ধানখালী সড়কে ৫০, কলঙ্ক-পূঁজাখোলা ১০, আমতলী-হলদিয়া পথে ৫০, এ কে স্কুল-তালুকদারহাট-টেপুরা পথে ৫০, আমতলী-তালতলী পথে ৫০, আমতলী-পটুয়াখালী পথে ১০০, ঘটখালী-পাতাকাটা পথে ২০, শিকদারবাড়ি-গুলিশাখালী পথে ৪০, সাহেববাড়ী-গাজিপুর পথে ২০টি, মহিষকাটা বাজার-সোনাখালী কলেজ রুটে ৫০টি, রাওঘা-সুবন্ধীহাট পথে ৫০টিসহ বিভিন্ন পথে এক হাজার ১০০ টমটম চলাচল করে। স্থানীয় বিভিন্ন ওয়েল্ডিং কারখানায় এসব যান তৈরি হয়।আমতলী শহরের একটি ওয়েল্ডিং কারখানার মালিক সুবাস ব্যানার্জি জানান, চাল ও ধানকলের মোটরের ফিতা ব্যবহার করে যানটি চালানো এবং থামানো হয়। মোটরসাইকেলের পুরোনো চাকা ব্যবহার হয়। এই টমটমে কোনো ধরনের ধাক্কা-নিরোধক স্প্রিং থাকে না। চাকার নিচে ছোট ইট বা পাথরের টুকরা পড়লেও এটি উল্টে যেতে চায়।সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করে এনএসএস নামে একটি বেসরকারি সংস্থা। এই সংস্থার প্রকল্প কর্মকর্তা ধীরাজ বিশ্বাস জানান, সড়কের ওপরেই এসব অবৈধ যানবাহন থেকে যাত্রী ওঠানামা করানো হয়। বিভিন্ন সড়ক দখল করে তৈরি করা হচ্ছে স্ট্যান্ড। স্থানীয় ওয়েল্ডিং কারখানায় তৈরি যানগুলো সম্পূর্ণ অবৈধ এবং এগুলোর কোনো সরকারি নিবন্ধন বা অনুমোদন নেই। অভিযোগ রয়েছে, পুলিশ ও প্রশাসন ম্যানেজ করে স্থানীয় লোকজন এসব যান চালাচ্ছেন।ধীরাজ বিশ্বাস জানান, তাঁরা একটি জরিপ চালিয়ে দেখেছেন, গত এক বছরে উপজেলার বিভিন্ন সড়কে টমটম উল্টে, টমটম থেকে পড়ে গিয়ে ও অন্য যানের সঙ্গে সংঘর্ষে ১৮ জন নিহত এবং আড়াই শর মতো মানুষ আহত হন।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বলেন, মহাসড়কে টমটম বন্ধ করার জন্য বেশ কয়েকবার উপজেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় আমি সুপারিশ করেছি। অনেক মানুষের জীবিকা নির্ভর করায় সেগুলো একবারে বন্ধ করা যাচ্ছে না।