দেশে কীটনাশকের আমদানি ধারাবাহিকভাবে কমছে। এর সঙ্গে ফসলে মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশকের ব্যবহারও কমেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটিকে বড় অগ্রগতি বলে ভাবা হচ্ছে। তবে বিপদের দিকও আছে। আগে কীটনাশক ব্যবহৃত হতো না—এমন ফল ও সবজিতে নতুন করে এর ব্যবহার শুরু হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীন পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি (কীটনাশক কারিগরি উপদেষ্টা কমিটি) সূত্র জানায়, গত তিন বছরে কীটনাশকের আমদানি প্রায় এক-তৃতীয়াংশ কমে এসেছে। ২০১২ সালে দেশে ৬২ হাজার ৮৪৫ টন কীটনাশক আমদানি হয়। ২০১৩ সালে হয় ৪১ হাজার ৬০৭ টন। গত বছর কীটনাশক আমদানি হয়েছে ৩৯ হাজার ২৫৩ টন।
কৃষি গবেষকেরা বলছেন, দেশে জৈব বালাইনাশকের (প্রাকৃতিক উপায়ে ক্ষতিকর কীটপতঙ্গ দমনের পদ্ধতি) বাজারজাত শুরু হওয়ার পর কীটনাশকের আমদানি কমছে। তবে এখনো যে পরিমাণ কীটনাশক ব্যবহৃত হচ্ছে, তা উপকারী কীটপতঙ্গ ধ্বংস ও জমির উর্বরতা শক্তি নষ্ট করছে। উৎপাদিত ফসলে কীটনাশকের ক্ষতিকর উপাদান (অবশেষ) থেকে যাওয়ায় তা জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে ২৩৫ ধরনের কীটনাশক আমদানি হয়। কিন্তু এর ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর আইন ও বিধি নেই।

কৃষিবিশেষজ্ঞরা বলছেন, কীটনাশকের ‘অবশেষ’ ফসলে কত দিন থাকে তা না জেনেই কৃষকেরা এর ব্যবহার করছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক গবেষণায় দেখা যায়, বাজারে বিক্রি হওয়া ৯১ শতাংশ কাঁচা মরিচে অর্গানো ফসফরাস নামের একধরনের কীটনাশকের ‘অবশেষ’ পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কীটতত্ত্ববিদ সৈয়দ নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা গতবার কাঁচা মরিচ পরীক্ষা করে কীটনাশকের অবশেষ পেয়েছি। লিচুতেও ইদানীং কীটনাশক ব্যবহৃত হচ্ছে। আগে এসবে ব্যবহা হতো না। এটা উদ্বেগের বিষয়।’
সৈয়দ নুরুল আলম বলেন, রাসায়নিক কীটনাশক ব্যবহার বাড়াতে প্রান্তিক চাষিদের উদ্বুদ্ধ করছে কিছু কোম্পানি। অথচ এসব কীটনাশকের অবশেষ সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ৩০ দিন থাকে। তাই ঢ্যাঁড়স, বরবটি, লালশাকসহ কিছু সবজিতে কীটনাশকের অবশেষ থেকে যাচ্ছে। এতে কৃষকেরা যেমন প্রতারিত হচ্ছেন তেমনি ভোক্তাদের স্বাস্থ্যের জন্যও তা ক্ষতিকর। এ জন্য রাসায়নিক কীটনাশক আমদানি, বিতরণ ও ব্যবহারে কার্যকর বিধি প্রণয়ন করা প্রয়োজন।
কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে গত মে মাসে কিছু সুপারিশসহ কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেন বিনিয়োগ বোর্ডের পরিচালক মাহবুব কবীর। এর আগে তিনি ফরমালিনের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের নীতি পরিবর্তনে ভূমিকা রাখেন। চিঠিতে বলা হয়েছে, কীটনাশক নিয়ন্ত্রণ অধ্যাদেশের দুর্বলতার কারণে ব্যবসায়ীরা যথেচ্ছভাবে কীটনাশক বিক্রি করছেন। কীটনাশকে বিষের মাত্রা সম্পর্কে নিশ্চিত না হয়ে আমদানির অনুমতি পাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবস্থাপত্র ছাড়াই কৃষকেরা এই কীটনাশক কিনছেন। ফলে পরিমাণের দিক থেকে কীটনাশকের আমদানি কমলেও তাতে বিষের মাত্রা কেমন তার কোনো পরীক্ষা হচ্ছে না।
মাহবুব কবীর বলেন, দোকানে গিয়ে যে কেউ যেকেনো পরিমাণে কীটনাশক কিনতে পারেন। ফসলে কৃষক কী পরিমাণে কীটনাশক ছিটাচ্ছে তা তদারকির ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। তিনি বলেন, দেশে কীটনাশকের ব্যবহারের পরিমাণ কমেছে ঠিকই। কিন্তু যে কীটনাশক আসছে তার মাত্রা কেমন, তা পরীক্ষা করা হচ্ছে না। ফলে আগের চেয়ে বিষাক্ত কীটনাশক আসছে কি না, তা জানার উপায় নেই।
কৃষি গবেষকেরা বলছেন, কোনো কীটনাশকের বিষের মাত্রা যদি সাত দিন হয় তাহলে কোনো অবস্থাতেই এই সময়ের মধ্যে ফসল বাজারজাত করা বা খাওয়া যাবে না। কীটনাশক ব্যবহার করার পর সেই ফসল কত দিন পর্যন্ত বাজারজাত করা যাবে না তা কীটনাশকের বোতল বা প্যাকেটে বাধ্যতামূলকভাবে লেখা দরকার।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, কীটনাশকের বিষের মাত্রা নির্ধারণ করতে একটি আধুনিক পরীক্ষাগার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কীটনাশক আমদানিকারক প্রতিষ্ঠান অটো ক্রপ কেয়ার লিমিটেডের উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবস্থাপত্র ছাড়া কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা এই ব্যবস্থাপত্র দেবেন, যাতে কীটনাশক ব্যবহারে সমস্যা সৃষ্টি না হয়। তিনি বলেন, মাঠপর্যায়ে একজন কৃষক কীভাবে কীটনাশক ব্যবহার করছেন তা পর্যবেক্ষণ করার দায়িত্ব সরকারের।