ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম (মেডিকেল ডিভাইস) আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন লাগবে বলে প্রতিষ্ঠানটি যে নির্দেশ জারি করেছে, তা বাতিলের সুপারিশ করেছে সরকারি হিসাব–সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক সূত্র জানায়, এ বিষয়ে নির্দেশ দেওয়ার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের থাকলেও ঔষধ প্রশাসন অধিদপ্তরের তা নেই বলে মনে করে সংসদীয় কমিটি। কমিটি বলেছে, এ ধরনের নির্দেশ অবৈধ লেনদেনকে উৎসাহিত করবে। একই সঙ্গে ওষুধ ও যন্ত্রপাতির সংকটের কারণে দেশের চিকিৎসা খাতে ও হাসপাতালগুলোতে অচলাবস্থার সৃষ্টি হবে।
গত ১৩ নভেম্বর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে লেখা ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক চিঠিতে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী বিদেশ থেকে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও রিএজেন্ট আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নেওয়া আবশ্যক। এ ছাড়া ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, স্যালাইনসহ অন্যান্য সামগ্রী আমদানির ক্ষেত্রেও অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। কিন্তু একশ্রেণির অসাধু আমদানিকারক অনুমোদন ছাড়াই এসব পণ্য আমদানি করছেন, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। চিঠিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনপত্র ছাড়া কোনো ধরনের আমদানি করা জিনিস ছাড় না করার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে জানতে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর ও একাধিক সদস্যকে ফোন করে পাওয়া যায়নি।
এ ছাড়া বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব হাসপাতাল নিয়মিত পরিদর্শন করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, রুস্তম আলী ফরাজী, আ ফ ম রুহুল হক, আফছারুল আমীন, মঈন উদ্দীন খান বাদল ও রেবেকা মমিন অংশ নেন।