আমদানি করা নিম্নমানের গম নিচ্ছে খাদ্য বিভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী আমদানি করা গমে নষ্ট দানার সর্বোচ্চ গ্রহণযোগ্য হার চার শতাংশ। খাদ্য বিভাগের জন্য আমদানি করা গমের একটি চালানে এই নষ্ট দানার হার পাওয়া গেছে ১৬ দশমিক ৯৯ শতাংশ। তার পরও এ ধরনের ১০ হাজার টনেরও বেশি গম খাদ্য বিভাগ গত শুক্রবার থেকে নেওয়া শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চালানটিতে সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম আছে। ভারতের সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এলএমজে ইন্টারন্যাশনাল’ দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে এই গম সরবরাহের কাজ পায়। গত মে মাসে এই গম আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, এমভি আবু আল এবায়েদ নামের জাহাজে আমদানি করা গমের ক্ষেত্রে এই অনিয়ম হচ্ছে। জাহাজের মোট পাঁচটি খোলে (হ্যাচে) করে এই গম আমদানি করা হয়। এর মধ্যে এক নম্বর হ্যাচের নমুনা পরীক্ষা করে ১৬ দশমিক ৯৯ শতাংশ গমের দানা নষ্ট পাওয়া গেছে। এই হ্যাচে গম রয়েছে ১০ হাজার ৩৭৩ মেট্রিক টন।জাহাজের চার নম্বর হ্যাচে গম ছিল ১১ হাজার ৩০৯ মেট্রিক টন। এই হ্যাচের বেশির ভাগ গমের গুণগত মান গ্রহণযোগ্য মাত্রার মধ্যে রয়েছে। তবে নিচের দিকের প্রায় তিন হাজার মেট্রিক টনে নষ্ট গমের দানার পরিমাণ পাওয়া গেছে ২২ দশমিক ২১ শতাংশ। এ কারণে খাদ্য বিভাগ এই তিন হাজার মেট্রিক টন গম না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।এ প্রসঙ্গে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘প্রথম দফা পরীক্ষায় বিনষ্ট দানার পরিমাণ বেশি পাওয়া যায়, এটা ঠিক। কিন্তু দ্বিতীয় দফায় যখন আমরা অন্য হ্যাচের গমের সঙ্গে মিশিয়ে সমন্বিত (কম্পোজিট) নমুনা নিই, তখন নষ্ট দানার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রায় নেমে আসে। এ কারণে আমরা এক নম্বর হ্যাচের ১০ হাজার ৩০০ মেট্রিক টন গমের পুরোটাই নিচ্ছি। কিন্তু চার নম্বর হ্যাচের তিন হাজার মেট্রিক টন গম নিচ্ছি না।’ খাদ্য বিভাগীয় সূত্রমতে, এক নম্বর হ্যাচের গমের দানার নমুনা পরীক্ষা করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী রসায়নবিদ মো. রফিকুল ইসলাম এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান রকিবুল ইসলাম গত ১৭ মে একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে বলা হয়, ‘বিশুদ্ধ খাদ্য আইনের ১৯৬৭-এর ৪৭ ধারার (ই) উপধারা অনুযায়ী পরীক্ষিত নমুনার গম গ্রহণযোগ্য মানের নয়।’জানা যায়, পরবর্তী সময়ে জাহাজের অন্য চারটি খোলে থাকা ভালো মানের গমের নমুনার সঙ্গে এক নম্বর হ্যাচের গম মেশানো হয়। এরপর ভালো-খারাপ গমের সংমিশ্রণের নমুনা পরীক্ষা করা হয় খাদ্য অধিদপ্তরের পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি সেবা বিভাগে। এই পরীক্ষায় গমের বিনষ্ট দানার পরিমাণ পাওয়া যায় ৬ দশমিক ৬৬ শতাংশে। এই গম ‘পঞ্চম গ্রেড’ মানের হিসেবে গ্রহণ করা যেতে পারে বলে মতামত দেয় খাদ্য অধিদপ্তরের পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি সেবা বিভাগ। এরপর খাদ্য বিভাগ এই গম নেওয়ার সিদ্ধান্ত নেয়। খাদ্য বিভাগ পঞ্চম গ্রেডের গমকে নিম্নমানের (সাব-স্ট্যান্ডার্ড) গম হিসেবে বিবেচনা করে থাকে। সূত্রমতে, ওই জাহাজের এক নম্বর হ্যাচের গমের নমুনা পরীক্ষা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র। তাদের প্রতিবেদনে বলা হয়, ‘এই গম পোকা ও রোগজীবাণু দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত।’ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক মো. হাসানুল হকের সই করা প্রতিবেদনে এ কথা বলা হয়। এসব গম ছাড়পত্র না দেওয়ার জন্য মতামত দিয়েছিলেন তিনি।পরে খাদ্য বিভাগের সমন্বিত নমুনা পরীক্ষার পর এসব গমে বিনষ্ট দানার পরিমাণ গ্রহণযোগ্য বলে মতামত দেওয়ার পর অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক চালানটি ছাড়পত্র দেওয়ার পক্ষে মত দেন। এ বিষয়ে উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের সংঘনিরোধ কীটতত্ত্ববিদ মো. বেলাল হোসেন খান প্রথম আলোকে বলেন, খাদ্য বিভাগ প্রথমে এই গম নিতে অস্বীকৃতি জানানোয় ছাড়পত্র দেওয়া হয়নি। কিন্তু খাদ্য বিভাগ থেকে সংমিশ্রণ নমুনা পরীক্ষার পর এই গম নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এখন ছাড়পত্র দেওয়া হয়েছে।জানতে চাইলে খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সালাহউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী এক নম্বর খোল থেকে গম খালাস করা হচ্ছে। তবে চার নম্বর খোলে থাকা গমের নমুনা অধিকতর পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। গমবাহী জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের সাইলো জেটিতে আছে।