আমদানি করা বেবুনসহ ১৬০টি পাখি উদ্ধার একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি করা ১০টি বেবুনসহ (বানর) বিভিন্ন প্রজাতির ১৬০টি পাখি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এসব পশুপাখিসহ ধরা পড়েন সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টের কর্মচারী মোস্তাফিজুর রহমান।আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে মোস্তাফিজুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় বিরল প্রজাতির বেবুন ও পাখি নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় এপিবিএনের সদস্যরা মোস্তাফিজুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে যান। এরপর এপিবিএন কাভার্ড ভ্যান থেকে কাঠ ও নেটের তৈরি দুটি খাঁচা থেকে ১০টি দক্ষিণ আফ্রিকার বানর, একই রকমের সাতটি খাঁচা থেকে ১৬০টি বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করে। উদ্ধার হওয়া পাখির মধ্যে আফ্রিকার ৩০টি ধূসর বর্ণের তোতাপাখি, ১০টি রেইনবো লরিকেট, ১০টি ম্যান্টেল্ড রোসেলা, ১০টি গ্রিন চেকড প্যারাকেট ও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোতাজ্জের হোসেন জানান, পশু ও পাখিগুলো কোথা থেকে এবং কীভাবে এসেছে, সে বিষয়ে আটক মোস্তাফিজুর জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা পুলিশকে জানান, আফ্রিকার এই বেবুন বা বানরগুলো বিরল প্রজাতির। এগুলো আমদানির ক্ষেত্রে বন মন্ত্রণালয়ের অনুমোদন দরকার হয়। মোস্তাফিজুর এ-সংক্রান্ত কাগজ দেখাতে পারেননি। উদ্ধার হওয়া বন্য প্রাণীগুলো সাভারের নাজমুল হুদা আনিয়েছিলেন। পরে সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারী মোস্তাফিজুর কিছু অসাধু শুল্ক কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে খালাস করেন। মোস্তাফিজুরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে ও বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।উদ্ধার হওয়া বন্য প্রাণীগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হেফাজতে রাখা হয়েছে।