আমদানি করা ১৭২ জাহাজের নথি দাখিলের নির্দেশ
ভাঙার জন্য আমদানি করা ১৭২টি জাহাজের অনাপত্তি সনদ, দেশে প্রবেশের আগে বর্জ্যমুক্তকরণ (প্রি-ক্লিনিং) সনদ, ঋণপত্রসহ (এলসি) প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৮ মার্চের মধ্যে এসব কাগজপত্র দাখিল করতে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. আবু তারিক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। এ বিষয়ে ১৮ মার্চ পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত।এ ছাড়া আদালত জাহাজ ভাঙার ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ১৮ মার্চের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে জানাতে বলেছেন। একই সঙ্গে এ বিষয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির কাজের গতিপ্রকৃতিতে ইয়ার্ড পরিদর্শন, প্রয়োজনে বিধি পরিবর্তন ও সংশোধনের সুপারিশ করার ক্ষমতাসহ আদালতের নির্দেশনাগুলো কমিটির কার্যপরিধিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও জানাতে বলা হয়েছে।আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার মামলা পরিচালনা করেন।জানা যায়, বেলার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি হাইকোর্টের ওই বেঞ্চ দুই মাসের মধ্যে জাহাজ ভাঙাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন ও গেজেট জারি করতে সরকারকে নির্দেশ দেন। পাশাপাশি বিধিমালাটি পর্যালোচনা এবং এর বাস্তবায়ন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে ইয়ার্ডগুলো পরিদর্শন করতে ইতিমধ্যে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির কাজের গতিপ্রকৃতি প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয়। জাহাজ ভাঙার উদ্দেশে বাংলাদেশে আমদানি করা জাহাজের সংখ্যা এবং অনুপ্রবেশের আগে দেশের সীমারেখায় জাহাজগুলো বর্জ্যমুক্তকরণ কীভাবে নিশ্চিত করা হয়েছে, তার প্রতিবেদন তিন সপ্তাহের মধ্যে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সংক্রান্ত কার্যক্রম ও আমদানি করা জাহাজের তালিকা সম্প্রতি আদালতে জমা দেন।উল্লেখ্য, গত বছরের ৫ ও ১৭ মার্চ জাহাজ ভাঙার বিষয়ে নয় দফা নির্দেশনা দেন আদালত। এতে বাংলাদেশে অনুপ্রবেশের আগে আমদানি করা জাহাজের প্রি-ক্লিনিং নিশ্চিত করতে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল।