আমদানি করায় লোকসান, পানচাষিরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পান আমদানি করায় লোকসানের মুখে পড়েছেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার লক্ষাধিক পানচাষি। আমদানি বন্ধ ও পান আবাদের উপকরণের মূল্য হ্রাসের দাবিতে আন্দোলনে নেমেছেন চাষিরা।
ভারতীয় পান আমদানি বন্ধে গঠন করা হয়েছে পানচাষি আন্দোলন কমিটি। আজ মঙ্গলবার গৌরনদীর টরকি বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ ডেকেছে কমিটি। সমাবেশ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কমিটির আহ্বায়ক আল আমিন হাওলাদার বলেন, পান আমদানির ফলে লক্ষাধিক চাষি পথে বসতে শুরু করেছেন। আগে এই অঞ্চলের পান ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিদেশে রপ্তানি করা হতো। এখন চাষিরা ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পান চাষ করে ওই টাকা আর শোধ করতে পারছেন না। তাই দেশের পানচাষিদের রক্ষায় পান আমদানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান তিনি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার সাতটি ও আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে লক্ষাধিক পানচাষি আছেন। গৌরনদীর সাতটি ইউনিয়নে ১২ হাজার ৭২৫ হেক্টর ও পৌর এলাকায় ৮ হাজার ৮০০ হেক্টর জমিতে পান চাষ হয়। আর আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নে ৮ হাজার ৩৮৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়।
কয়েকজন পান আমদানিকারক জানান, তাঁরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাঁচামাল আমদানির লাইসেন্স নিয়ে ব্যাংকে এলসি (ঋণপত্র) খুলে দুই বছর ধরে ভারতীয় পান আমদানি করছেন। আগে প্রতি কেজি পানে ৬ টাকা কর দিতে হলেও ২০১৪ সাল থেকে দিতে হয় ১৫ টাকা ১০ পয়সা।
আমদানিকারক নজরুল ইসলাম, আবুল হোসেন ও সোহরাব হোসেন জানান, বর্তমানে হিলি, বেনাপোল, সাতক্ষীরা, ভোমরাসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় পান আমদানি করে ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, লাকসাম, সিলেট, চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এর ফলে দেশি পানের দাম অনেক কমে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আমদানিকারক জানান, দেশে পর্যাপ্ত পান উৎপাদিত হতো। এই পান বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা হতো। সেটি এখন বন্ধ হয়ে গেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় পানচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানি করা পান তাঁদের সর্বস্বান্ত করে দিচ্ছে। গৌরনদীর উত্তর চাঁদশী গ্রামের পানচাষি রুহুল আমিন চোকদার, তারাকুপি গ্রামের জাহাঙ্গীর হোসেন, আগৈলঝাড়ার পতিহার গ্রামের অমল মণ্ডল, রত্নপুর গ্রামের সিরাজুল হকসহ অনেক পানচাষি জানান, দেশি পানের দাম কমে যাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন উৎপাদন ব্যয়ের চেয়ে অনেক কম দামে পান বিক্রি করতে হয়।
উত্তর চাঁদশী গ্রামের জগদীশ ভদ্র জানান, তিনি ১২০ শতাংশ জমিতে পান চাষ করেন। তাঁর চাষের সঙ্গে ১০টি পরিবার জড়িত। কিন্তু পানের বাজার খারাপ হওয়ায় এখন পানবরজ রক্ষণাবেক্ষণের কাজ করা যাচ্ছে না। একদিকে পানের মূল্য কম, অন্যদিকে পানবরজ বাঁশ, চেরা, চটি, খৈল, সার, কীটনাশকসহ বিভিন্ন উপকরণের দামও বেড়েছে।
ভারতীয় পান আমদানি বন্ধে পানচাষি আন্দোলন কমিটির আহ্বায়ক আল আমিন হাওলাদার বলেন, পান আমদানির ফলে লক্ষাধিক চাষি পথে বসতে শুরু করেছেন। আগে এই অঞ্চলের পান ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিদেশে রপ্তানি করা হতো। এখন চাষিরা ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করে ওই টাকা আর শোধ করতে পারছেন না। তাই দেশের পানচাষিদের রক্ষায় পান আমদানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান তিনি।