আমদানি নিষিদ্ধ দুই হাজার টন লবণ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে আমদানি নিষিদ্ধ দুই হাজার টন খাবার লবণ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষার পর নিশ্চিত হয়ে গতকাল সোমবার এসব লবণ জব্দ করা হয়। এসব লবণ মানবস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর বলে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংস্থাটি।

এসব লবণ জব্দ করলেও এর আগে তিন হাজার টন লবণের চালান কয়েকজন আমদানিকারক খালাস করে নিয়েছেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, দুটি চালানই খাবার লবণ হিসেবে বাজারজাত করার উদ্দেশ্যে আমদানি করা হয়েছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সোডিয়াম সালফেট থাকায় এসব লবণ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী, খাবার লবণ আমদানি নিষিদ্ধ। এ জন্য ‘ক্লিনিং এজেন্ট’ ঘোষণা দিয়ে চট্টগ্রাম খাতুনগঞ্জের মেসার্স আজমির ট্রেডিং করপোরেশন এবং মেসার্স আশা এন্টারপ্রাইজ চীন থেকে এই লবণ আমদানি করে। গত মে ও জুন মাসে এসব লবণ বন্দর থেকে খালাসের জন্য কাস্টম হাউসে নথিপত্র জমা দেন আমদানিকারক দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

খবর পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গত ২০ জুন এই দুই চালান যাতে খালাস না হয় সে জন্য ব্যবস্থা নেন। চালানগুলো থেকে নমুনা সংগ্রহ করে কাস্টম হাউস চট্টগ্রামের রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ করে।

প্রতিবেদন অনুযায়ী, জব্দ করা নমুনায় ৯১ দশমিক ৫ শতাংশ সোডিয়াম ক্লোরাইড, সাড়ে ৭ শতাংশ সোডিয়াম সালফেট এবং ১ শতাংশ আর্দ্রতার উপস্থিতি রয়েছে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুই আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।