চট্টগ্রাম বন্দর চত্বরে জমে থাকা আমদানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা কমেছে। তবে এখনো ধারণক্ষমতার প্রায় সমপরিমাণ কনটেইনার পড়ে আছে বন্দর চত্বরে।
পবিত্র ঈদুল আজহার ছুটির পর জাহাজ থেকে কনটেইনার নামানো হলেও বন্দর চত্বর থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাসের হার কমে আসে। ছুটির কয়েক দিন পর কনটেইনারের সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেড়ে যায়। এ সময় পরিচালন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।
বন্দরের পরিবহন বিভাগ সূত্র জানায়, ঈদের ছুটির পর আমদানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ৩২৮টিতে। গতকাল সোমবার তা কমে ২৬ হাজার ১৮টিতে দাঁড়ায়।
বন্দরের তথ্য অনুযায়ী, বন্দরে আমদানি পণ্যভর্তি কনটেইনার রাখার জায়গা আছে ২৬ হাজার ৮৫৭টি। ধারণক্ষমতার ৭০ শতাংশ পর্যন্ত কনটেইনার থাকলে পরিচালন কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যায়। এর বেশি হলেই সমস্যা হয়।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘বন্দরকে সচল রাখতে হলে আমদানিকারকদের দ্রুত আমদানি পণ্য খালাস করতে হবে।’