আমদানি শুল্ক কম থাকায় দেশে উৎপাদিত রাবার বিক্রি না হওয়ায় অসন্তোষ জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই অসন্তোষ জানানো হয়। কমিটি দেশীয় রাবারের ওপর মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার এবং বিদেশি রাবারের ওপর আমদানি শুল্ক বাড়ানোর সুপারিশ করেছে।
বর্তমানে রাবারের পণ্য উৎপাদনকারী কারখানাগুলো দেশীয় রাবার কিনতে গেলে তাদের ১৫ শতাংশ মূসক এবং ৯ শতাংশ বিক্রয় কর দিতে হয়। অন্যদিকে রাবারের আমদানি শুল্ক মাত্র ৫ শতাংশ। বৈঠকে বলা হয়, এই নীতির কারণে রাবারের পণ্য উৎপাদনকারীরা দেশীয় রাবার না কিনে বিদেশ থেকে রাবার আমদানি করছে। এর ফলে গুদামগুলোতে দেশে উৎপাদিত হাজার হাজার টন রাবার পড়ে আছে।
বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, চলতি বাজেটের আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। পরে তাঁর নির্দেশে অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশি রাবারের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়। কিন্তু চলতি বাজেট প্রণয়নের সময় তা আবার বহাল করা হয়। এখন অর্থ মন্ত্রণালয় বলছে, বিষয়টি ভুলে হয়েছে। কিন্তু সংসদীয় কমিটির কাছে তথ্য আছে, একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করার জন্য মন্ত্রণালয়ের লোকজন এই কাজটি করেছে। কমিটি এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়কে বলেছে। তিনি বলেন, গত অর্থবছরে বাংলাদেশ রাবার রপ্তানি করে ৭ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।
আগামী ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মরক্কোর মারাকেশে কনফারেন্স অব প্যারিস (কপ) সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী, বাংলাদেশের মতো দেশগুলো দায়ী নয়। উন্নত দেশগুলো কলকারখানায় কার্বন নিঃসরণ ঘটিয়ে পরিবেশের ক্ষতি করেছে। কপ সম্মেলনে কোন দেশ কতটা কার্বন নিঃসরণের সুযোগ পাবে, সে বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হবে। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। তার আগ পর্যন্ত এ ধরনের বিধিনিষেধ যাতে বাংলাদেশের ওপর আরোপ করা না হয়, সে বিষয়ে কপ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে কমিটি।
হাছান মাহমুদ আরও বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই মানুষ উদ্বাস্তু হয়েছে। কিন্তু আন্তর্জাতিকভাবে উদ্বাস্তুর সংজ্ঞায় এদের নাম নেই। সংসদীয় কমিটি লবণাক্ততা, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ অন্যান্য প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম উদ্বাস্তুর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে।
ব্রিফিংয়ে জলবায়ু তহবিলের টাকা বিশ্বব্যাংক ও হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশনের মাধ্যমে দেওয়ার কথাবার্তা চলছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, কমিটি মনে করে জলবায়ু তহবিলের টাকা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কাছ থেকে না নেওয়াই ভালো। কারণ, তারা ব্যবসা করবে। কমিটি এ টাকা অনুদান হিসেবে নিতে বলেছে।
হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, নবী নেওয়াজ, গোলাম রাব্বানী, টিপু সুলতান, ইয়াসিন আলী ও মেরিনা রহমান অংশ নেন।