আমদানিকারকদের সতর্ক থাকার তাগিদ

বাংলাদেশ যেন বিদেশি অচল ও নিম্নমানের পণ্যের ডাম্পিং স্টেশনে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে আমদানিকারকদের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ বৃহস্পতিবার রাজধানীতে বিশ্ব মান দিবসের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই তেজগাঁওয়ের প্রধান কার্যালয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।
প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, সরকার চীন, জাপান, কোরিয়া ও ভারতসহ বিদেশি উদ্যোক্তাদের জন্য বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিম্নমানের পণ্যের বিরুদ্ধে সরকার ইতিমধ্যে দেশব্যাপী অভিযান জোরদার করেছে। ফলে মৌসুমি ফলসহ বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল দেওয়ার প্রবণতা কমে এসেছে।
আরেক অতিথি এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ব্যবসা প্রসারে আন্তর্জাতিক মান অনুসরণ করার কোনো বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারী ও আমদানিকারকদের কাছে বাংলাদেশ এখন অনেক নিরাপদ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে।
বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের পরিচালক (মান) রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।