আমদানিকারকের কর্মচারী দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে ওডিসি ড্রেসেস লিমিটেডের কাপড় চুরির ঘটনায় একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে দায়ী করেছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি। কমিটি সম্প্রতি বন্দরের পরিবহন বিভাগের পরিচালকের কাছে এ প্রতিবেদন জমা দেয়।
এই কর্মচারীর নাম মো. পারভেজ হোসেন। তিনি পণ্য খালাসকারী প্রতিষ্ঠান ওনাস ডিজাইন লিমিটেডে ‘জেটি সরকার’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চুরি হওয়া পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান ওডিসি ড্রেসেস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হলো ওনাস ডিজাইন লিমিটেড।
গত ১২ মে বন্দর থেকে এই প্রতিষ্ঠানের ২৪০ রোল কাপড় চুরি হয়। চীন থেকে এসব কাপড় আমদানি করে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় বন্দর থানায় মামলার পর পুলিশ টেরিবাজার এলাকা থেকে চুরি হওয়া কাপড় উদ্ধার করে। এ ঘটনার এক দিন পর বন্দরের পরিবহন বিভাগের পরিচালক গোলাম ছরওয়ার তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। বন্দরের সহকারী টার্মিনাল ব্যবস্থাপক মো. কুদরত-ই-খুদাকে আহ্বায়ক করে গঠিত কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দেয়।
যোগাযোগ করা হলে গোলাম ছরওয়ার তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জনকে জিজ্ঞাসাবাদ করে। ঘটনা পর্যালোচনা করে কমিটি প্রতিবেদনে বলেছে, একই দিন বন্দর থেকে একই প্রতিষ্ঠানের অন্য একটি চালান তিনটি কাভার্ড ভ্যানে নেওয়া হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানে (ডিএমটিএ-১১-৫৯৫৩) চুরি হওয়া ২৪০ রোল কাপড় বোঝাই করে নেওয়া হয় বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এ পণ্য চুরির উদ্দেশ্যে বন্দর থেকে পণ্য খালাসের পদ্ধতি যথাযথ অনুসরণ করেনি জেটি সরকার।
কমিটির প্রতিবেদন অনুযায়ী, পণ্য খালাসে প্রচলিত পদ্ধতি অনুসরণ না করায় বন্দর কর্মচারীরা পণ্য চুরির বিষয়টি দৃষ্টিগোচর করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে বন্দর কর্মচারীদের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয় তদন্ত প্রতিবেদনে।
বন্দর সূত্র জানায়, কাপড় চুরির ঘটনার পরদিন আমদানিকারকের প্রতিনিধি মো. মাসুদুর রহমান বন্দর থানায় একটি মামলা করেন। এ ঘটনার দুদিন পর টেরিবাজার এলাকা থেকে কাপড়ের রোলসহ আমিরুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেপ্তার আমিরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ফকিরহাট এলাকার নাসির, রানা ও রফিক এ তিনজনের কাছ থেকে তিনি এসব পণ্য কেনেন।
জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় পারভেজ হোসেনের সঙ্গে ওই তিনজনের মুঠোফোনে যোগাযোগ করার তথ্য পেয়েছি আমরা। এ কারণে তাঁকে সেই সময় গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।’
জানতে চাইলে ওনাস ডিজাইন লিমিটেডের সিঅ্যান্ডএফ শাখার ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, যেহেতু এ বিষয়ে মামলা হয়েছে, সে কারণে আইন অনুযায়ী যে দায়ী, সে-ই শাস্তি পাবে।