আমদানিকারকের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোয় গত ২৬ জুন ‘আবার নৌমন্ত্রীর উদারতা, দেড় কোটি টাকা মওকুফ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে হকস বে অটোমোবাইলস লিমিটেড। এতে বলা হয়, শুল্কসংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে পাল্টাপাল্টি মামলার কারণে গাড়ি ছাড় করতে দেরি হয়। এর মধ্যে গাড়িগুলোর বিপরীতে বিপুল পরিমাণ বন্দর ভাড়া ধার্য হয়, যা কোনোভাবেই সহনীয় এবং বহনযোগ্য নয়। এভাবে গাড়িগুলো বন্দরে আটকে থাকায় মান নষ্ট হওয়ার পাশাপাশি মূল্যবান যন্ত্রাংশও খোয়া গেছে। এ অবস্থায় আইনানুগভাবে দণ্ড ভাড়া মওকুফ পাওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ব্যাখ্যায় আরও বলা হয়, ‘মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া ১৫ দিনের মধ্যে গাড়িগুলো খালাসকরণ ও এর বিপরীতে যাবতীয় শুল্ককর পরিশোধ ও কাস্টম-সংক্রান্ত কাজ আমরা শেষ করলেও বন্দর কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকতা শেষ করতে পারেনি। এর মধ্যে মন্ত্রণালয়ের সময় শেষ হয়ে যায়। এভাবে মন্ত্রণালয়ে আমাদের আবেদনের পর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ মাস গাড়িগুলো বন্দরে রাখতে আমরা বাধ্য হই।’প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদপত্রের কোথাও প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের তথ্যের সঙ্গে দ্বিমত করা হয়নি। এমনকি মন্ত্রীর কাছ থেকে বন্দর ভাড়া মওকুফ করিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়নি। প্রতিবেদনে কেবল একজন গাড়ি আমদানিকারক কীভাবে বন্দর ভাড়া মওকুপ করিয়ে নেন, তার তথ্য দেওয়া হয়।