পাঁচ সংগঠনের যৌথ বিবৃতি
আমদানিকৃত নিউজপ্রিন্ট রাইটিং অ্যান্ড প্রিন্টিং কাগজ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান
আমদানিকৃত নিউজপ্রিন্ট এবং রাইটিং অ্যান্ড প্রিন্টিং কাগজ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে চিঠি ইস্যু করায় ক্ষোভ প্রকাশ করেছে আমদানিকারক, ব্যবহারকারী ও ব্যবসায়ীদের পাঁচটি সংগঠন।
এসব সংগঠনের নেতারা গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেন, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলমান থাকা অবস্থায় এ-সংক্রান্ত এক বছরের পুরোনো আদেশ (এসআরও) সূত্র হিসেবে উল্লেখ করে ১৬ এপ্রিল বিএসটিআই চিঠিটি ইস্যু করে। এর ফলে সংবাদপত্র, মুদ্রণ ও প্রকাশনাশিল্প চরম ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পড়বে।
বিবৃতিতে বিএসটিআইয়ের মাধ্যমে আমদানি করা কাগজের পরীক্ষা-নিরীক্ষা বন্ধের জোর দাবি জানানো হয়। এর পাশাপাশি রাইটিং অ্যান্ড প্রিন্টিং কাগজের আমদানি শুল্ক সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ এবং আমদানি করা নিউজপ্রিন্টের শুল্ক শূন্যে নামিয়ে আনার জোর দাবি জানানো হয়। ব্যবসায়ী নেতারা শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা দেশীয় কাগজের দাম কমানোর প্রস্তাব করেন। তাঁরা বলেন, ‘চিঠি ইস্যুর প্রক্রিয়ায় গোপনীয়তা, তড়িঘড়ি এবং অস্বচ্ছতা আমাদের মধ্যে নানা সন্দেহের সৃষ্টি করছে। মহলবিশেষের ফাঁদে সরকার তথা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পা দেবে না বলেই আমরা মুদ্রণ, আমদানি, প্রকাশনা ও বিক্রয়ের সঙ্গে জড়িত সমিতি ও সংগঠনের নেতারা বিশ্বাস করি।’
ব্যবসায়ী নেতারা বলেন, আমদানিকারক, ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে বিএসটিআই জানিয়েছে, রাইটিং অ্যান্ড প্রিন্টিং কাগজ এবং নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে বিএসটিআই থেকে পণ্যের গুণগত মান পরীক্ষা করে লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করতে হবে। অথচ আমদানীকৃত কাগজের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে গত ২৪ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে সভা হয়েছে। সেখানে একটি ছাড়া সাতটি সংগঠনই আমদানি নীতিতে বিদেশি কাগজ অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছে। ৯ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সব পক্ষের মতামত জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন সমিতি ও সংগঠন ইতিমধ্যে তাদের মতামত দিয়েছে। আলাপ-আলোচনার এই প্রক্রিয়ার মধ্যে বিএসটিআই যে চিঠি জারি করেছে, তাতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়ার কথা উল্লেখ করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা আরও বলেন, ‘আমরা দেশীয় শিল্পের বিকাশ চাই। কিন্তু দেশীয় কাগজশিল্প এখনো সেই পর্যায়ে পৌঁছেনি। দেশি নিউজপ্রিন্ট বারবার ছিঁড়ে যায়, ওজন ও পরিমাণ ঠিক থাকে না। তা ছাড়া আমদানি-প্রক্রিয়ায় অহেতুক জটিলতা সৃষ্টি করা হলে দেশে সিন্ডিকেট গড়ে উঠবে, তারা ইচ্ছামতো দাম নির্ধারণ করবে।’
বিবৃতিতে বলা হয়, সাধারণত বিএসটিআই ভোগ্যপণ্য ও যেসব পণ্য মানবদেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে, সেগুলোর গুণমান পরীক্ষা ও নিয়ন্ত্রণ করে থাকে। এখনকার প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দর থেকে পরীক্ষার জন্য নিউজপ্রিন্টের নমুনা ঢাকায় বিএসটিআইয়ে এনে তা পরীক্ষার পর আবার চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়ায় এক মাস বা তার চেয়ে বেশি সময় লাগবে। এই সময়ে কনটেইনারপ্রতি যে ক্ষতিপূরণ দিতে হবে, তা ব্যবসায়ীদের লোকসানের মুখে ফেলবে।
বিবৃতিতে সই করেন বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম ভরসা ও সাধারণ সম্পাদক আলমগীর হক, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি ও একই সমিতির সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক কামরুল হাসান শায়ক, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম এবং পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতি আমিন হেলালী।