দেশি কাগজশিল্প বাঁচানোর ধুয়া তুলে চলতি অর্থবছরে আমদানি শুল্ক বাড়ানোর চেষ্টা করেছিল একটি প্রভাবশালী মহল। ওই মহলটিই এখন বিদেশ থেকে আমদানি করা নিউজপ্রিন্ট পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি আমদানি নীতিতে অন্তর্ভুক্তির অপচেষ্টা করছে।
কাগজ আমদানি ও ব্যবহারের সঙ্গে জড়িতরা বলছেন, আমদানি করা নিউজপ্রিন্ট বাধ্যতামূলকভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়ায় সংবাদপত্র, প্রকাশনা ও মুদ্রণশিল্প গভীর সংকটে পড়বে। জনস্বাস্থ্যসংশ্লিষ্ট না হলেও একটি প্রভাবশালী মহল নিজেদের ব্যবসায়িক স্বার্থে আমদানি নীতিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে চায়।
কাগজ আমদানি ও এর ব্যবহারের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে। গত ২৪ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় কমপক্ষে সাতটি সংগঠনের নেতারা এ বিষয়ে প্রবল আপত্তি তোলেন।
এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতি, বাংলাদেশ পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব।
একমাত্র বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন আমদানিকৃত নিউজপ্রিন্ট বাধ্যতামূলকভাবে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়ে আসছে। এর আগে দেশি কাগজ ব্যবহারে বাধ্য করার কৌশল হিসেবে ওই সংগঠনটি আমদানি শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সভায় সাতটি সংগঠনই বলেছে, দেশীয় কাগজশিল্প রক্ষার কথা বলা হলেও প্রকৃতপক্ষে ওই নিউজপ্রিন্ট সংবাদপত্র বা বেশির ভাগ ছাপার ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়। কারণ, দেশি নিউজপ্রিন্ট বারবার ছিঁড়ে যায়, ওজন ও পরিমাণ ঠিক থাকে না অনেক ক্ষেত্রেই। অন্যদিকে বিদেশি নিউজপ্রিন্টের গুণমান ঠিক থাকে বলে অপচয়ের পরিমাণ দেশি নিউজপ্রিন্টের তুলনায় অনেক কম হয়। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর ছাপাখানায় দেশি নিউজপ্রিন্ট ব্যবহার করলে অপচয়ের পরিমাণ অনেক বেশি হবে, এ ছাড়া সংবাদপত্র প্রতিষ্ঠানগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।
বাংলাদেশ পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ টি এম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, একটি মহল কাগজ ও হ্যান্ডসোল বোর্ড নিয়ে যাচ্ছেতাই করার চেষ্টা করছে। এর লক্ষ্য দেশি কাগজের কথা বলে চড়াদামে নিম্নমানের কাগজ কিনতে ভোক্তাকে বাধ্য করা। তিনি আরও বলেন, ‘বিশেষ মহলের কারসাজিতে সরকার এই সিদ্ধান্ত নিলে সমিতির পরবর্তী সভায় কাগজের দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বিএসটিআই নিউজপ্রিন্ট পরীক্ষার মানদণ্ড নির্ধারণ করার ক্ষেত্রে স্পেসিফিকেশন ব্যুরো অব ইন্ডিয়ার সহযোগিতা নিয়েছে। অথচ ভারতেও আমদানিকৃত নিউজপ্রিন্টকে বাধ্যতামূলক পরীক্ষার আওতায় আনা হয়নি। যতদূর জানা যায়, বিশ্বের কোথাও এ ব্যবস্থা নেই।
জানতে চাইলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রথম আলোকে বলেন, বিএসটিআই জনস্বাস্থ্যসংশ্লিষ্ট কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারছে না। প্রতিষ্ঠানটিকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদানি করা নিউজপ্রিন্টের মান খতিয়ে দেখা কতটা প্রয়োজন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি।
সাধারণত বিএসটিআই ভোগ্যপণ্য ও যেসব পণ্য মানবদেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে, সেগুলোর গুণমান পরীক্ষা ও নিয়ন্ত্রণ করে থাকে। তা ছাড়া, অধিকাংশ ক্ষেত্রেই শিল্পের কাঁচামালের জন্য বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন হয় না।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক প্রথম আলোকে বলেন, বিদ্যমান আমদানি নীতিতে নিউজপ্রিন্ট অন্তর্ভুক্ত নেই। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিএসটিআই কাজ করবে।
একাধিক আমদানিকারক জানিয়েছেন, এখন চট্টগ্রাম বন্দরে কাগজ খালাস করতে চার দিন সময় পাওয়া যায়, এ জন্য অতিরিক্ত টাকা খরচ হয় না। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করতে চাইলে অতিরিক্ত ২০ থেকে ২৫ দিনের জন্য বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্সিকে ক্ষতিপূরণ দিতে হবে। এ জন্য কনটেইনারপ্রতি প্রায় এক লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে। প্রতি চালানে এই ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা এবং বছরে তা কয়েক কোটি টাকা।
আর্থিক ক্ষতি ছাড়াও আমদানিকারকেরা অহেতুক সময়ক্ষেপণের আশঙ্কা করছেন। কারণ, নিউজপ্রিন্ট পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনলে বন্দর থেকে পণ্য খালাসে অতিরিক্ত ২০-২৫ দিন অপচয় হবে। তাঁরা বলছেন, যেহেতু চট্টগ্রাম বিএসটিআইতে নিউজপ্রিন্ট পরীক্ষার সুবিধা নেই, তাই ঢাকায় নমুনা পাঠিয়ে তা পরীক্ষার পর আবার চট্টগ্রাম শুল্ক বিভাগে ফেরত যেতে এই অতিরিক্ত সময় লাগবে। তা ছাড়া, কোনো প্রভাবশালী মহলের প্ররোচনায় আরও বেশি বিলম্ব হতে পারে।
তাঁরা আরও বলছেন, জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় শুল্ক বিভাগের নিজস্ব ল্যাব রয়েছে। প্রয়োজন বা সন্দেহ হলে শুল্ক কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করতে পারে এবং তারা তা করেও থাকে।
এ প্রসঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা কাগজের মান পরীক্ষা করে এবং ঋণপত্রের (এলসি) শর্ত মেনে কাগজ আমদানি করে থাকি। এখানে বিএসটিআইকে যুক্ত করে সংবাদপত্রশিল্পে নতুন জটিলতা সৃষ্টি, সময়ক্ষেপণ ও আর্থিক ক্ষতি করার প্রয়োজন নেই।’
এক প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, দেশীয় কাগজ মানসম্মত নয়, গুণগত মানে এটি অনেক পিছিয়ে। ওই কাগজ দিয়ে পত্রিকা ছাপা বা উন্নত মানের প্রকাশনা সম্ভব নয়।
নোয়াব নেতারা বলছেন, আমদানি নিয়ে এই জটিলতা ও অনিশ্চয়তা সৃষ্টি করা হলে অধিক পরিমাণে কাগজ মজুত রাখতে হবে। ফলে মোটা অঙ্কের নগদ অর্থ আটকে থাকবে। কখনো কখনো পত্রিকা ছাপাও বন্ধ রাখতে হতে পারে। নোয়াবের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ মহল বাজারে কৃত্রিম নিউজপ্রিন্ট সংকট তৈরি করে অস্বাভাবিক দাম বাড়ানোর সুযোগও নেবে।
মহাজোট সরকার ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের ১৯.৩ ধারায় অঙ্গীকার করেছিল যে, ‘সংবাদপত্রে বিজ্ঞাপন বিতরণে বৈষম্যমূলক নীতি ও দলীয়করণ বন্ধ এবং সংবাদপত্রকে শিল্প হিসেবে বিবেচনা করে তার বিকাশে সহায়তা প্রদান করা হবে।’ ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারের ১৯.১ ধারায় অঙ্গীকার করা হয়েছে, ‘সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা এবং প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হবে।’
ওই অঙ্গীকারের কথা উল্লেখ করে সংবাদপত্র মালিকেরা বলছেন, সংবাদপত্রশিল্পকে অনলাইন ও টিভি মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করে টিকতে হচ্ছে। সে ক্ষেত্রে নিউজপ্রিন্ট আমদানি করা থেকে ছাপা পত্রিকা পাঠকের হাতে পৌঁছে দেওয়ার মধ্যে অতিরিক্ত সময়ক্ষেপণ মানেই এই শিল্পের ক্ষতি করা। তা ছাড়া, ক্রোড়পত্র, সাময়িকীসহ বিভিন্ন কারণে ভিন্ন স্পেসিফিকেশনের কাগজ আমদানি করতে হয়। তাই পূর্বনির্ধারিত বৈশিষ্ট্যের আলোকে আমদানি করা কাগজ পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই।
তাঁদের মতে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সংবাদপত্রশিল্পের বিকাশের জন্য বারবার সহায়তা দেওয়ার কথা বলা হলেও একটি মহল এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।