আমদানিতে কমেছে দেশি পানের কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা পৌর পানের হাটে পানের ঝুড়ি সাজাতে ব্যস্ত কয়েক শ্রমিক। মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চুয়াডাঙ্গা পৌর পানের হাটে পানের ঝুড়ি সাজাতে ব্যস্ত কয়েক শ্রমিক। মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চুয়াডাঙ্গা পৌর পানের হাটে গত মঙ্গলবার প্রতি পণ (৮০টি) ছোট পান বেচাকেনা হয় ২-৩ টাকায়। মাঝারি পানের দর ২৫-৩০ টাকা এবং বড় পানের দর ছিল সর্বোচ্চ ১০৫ টাকা। ২০১১-১২ সালে বছরের এ সময়ে দর ছিল যথাক্রমে ১০-১৫, ৬০-৭০ এবং ২০০-২৫০ টাকা।
জানাচ্ছিলেন হাটের মহাজন আবদুল আজিজ (৪৫)। তিনি ক্ষোভ প্রকাশ করে বললেন, ২০১১ সালেভারতীয় পান ঢোকার পর থেকে দেশীয় পানের কদর কমে গেছে। ফলে বাজারে মন্দা ভাব চলছে। চাষিরাও পান চাষ ছেড়ে অন্য ফসলে ঝুঁকছেন।
চুয়াডাঙ্গার পৌর পানের হাট বসে প্রতি মঙ্গল ও শনিবার। বর্তমানে এ হাটে দু-তিন কোটি টাকার পানও বিক্রি হচ্ছে না। অথচ বছর পাঁচেক আগে অঙ্কটা ছিল সাত কোটি টাকার বেশি।
বাজারের ৪ জন মহাজন, ৫ জন ব্যাপারী এবং ১০ জন পানচাষির সঙ্গে কথা বলে জানা গেল, চুয়াডাঙ্গার মিঠা পানের খ্যাতি দেশজুড়ে। কয়েক যুগ ধরে সারা দেশ থেকে ব্যাপারীরা এখানে পান কিনতে আসেন। স্থানীয় ব্যাপারীরাও পান নিয়ে ছোটেন বড় বড় মোকামে। জেলায় গড়ে উঠেছে অন্তত ২০টি পানের হাট। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে পাঁচটি, আলমডাঙ্গায় আটটি, দামুড়হুদায় চারটি ও জীবননগর উপজেলায় তিনটি অবস্থিত।এসব হাট থেকে ট্রাক ভর্তি হয়ে ও রেলগাড়িতে করে দেশের বিভিন্ন স্থানে পান যায়।

শেরপুর জেলার নালিতাবাড়ী থেকে পৌর পানের হাটে আসা ব্যাপারী দানেশ আলী (৫০) বলেন, ৩০ বছর ধরে তিনি চুয়াডাঙ্গার বিভিন্ন হাট থেকে পান কিনেছেন। এসব পান শেরপুর, জামালপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। কিন্তু পাঁচ-ছয় বছর ধরে ওই সব মোকাম ভারতীয় পানের দখলে চলে গেছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশি পানের চেয়ে ভারতীয় হাইব্রিড পান আকারে বড় ও মোটা। সেগুলোর দামও কম। ফলে বেশির ভাগ ব্যবসায়ীর ঝোঁক ভারতীয় পানের দিকেই।

জেলা পান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, অবিলম্বে ভারতীয় পান প্রবেশ বন্ধ না হলে দেশীয় পানের অস্তিত্ব হারিয়ে যাবে। পান চাষ ও বেচাকেনার সঙ্গে জড়িত হাজারো মানুষ বেকার হবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক হিসাব বলছে, বছর বছর পানের দাম হ্রাস পাওয়ায় জেলাজুড়ে মিঠা পানের চাষও কমছে। ২০১১ সালে জেলায় ৩ হাজার ১৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছিল। পরবর্তীকালে প্রতিবছরই চাষ কমছে। চলতি বছরে তা ১ হাজার ৬৭০ হেক্টরে নেমে এসেছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর বলেন, চুয়াডাঙ্গায় পানের চেয়েও লাভজনক চাষাবাদ শুরু হয়েছে। এখন বেশির ভাগ কৃষক ভুট্টা ও সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন। ফলে পান চাষ কমেছে।

তবে পানচাষিরা বলছেন, উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিবছরই বরজ তৈরি ও রোগবালাই দমন বাবদ খরচ বাড়ছে। কিন্তু পানের দাম না বেড়ে উল্টো কমছে। মূলত এ কারণেই অনেকে পান চাষ ছাড়ছেন। সদর উপজেলার হাজরাহাটি গ্রামের পানচাষি জাহাঙ্গীর আলম বলেন, দাম কমে যাওয়ায় বেশির ভাগ চাষি পান চাষ অর্ধেকে নামিয়ে এনেছেন। দাম এভাবে পড়তেই থাকলে ভবিষ্যতে এলাকায় পানের বরজ খুঁজে পাওয়া যাবে না।