আমদানিনির্ভর জ্বালানি ব্যবহার করে উন্নয়নের লক্ষ্য অর্জন দুরূহ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দীর্ঘদিনের জ্বালানি ঘাটতি মোকাবিলায় সরকার জ্বালানি আমদানির ব্যাপক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কিন্তু উন্নয়নের যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, আমদানি করা জ্বালানি ব্যবহার করে তা অর্জন করা দুরূহ হবে। ঢাকা চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন।

গতকাল শনিবার সকালে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ওই সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি আমদানির জন্য অবকাঠামো নির্মাণের ব্যয় যেমন বিপুল, তেমনি আমদানি করা জ্বালানির দামও অনেক বেশি। তাই আমদানির চেয়ে সরকারের বেশি নজর দেওয়া উচিত দেশীয় জ্বালানি সম্পদের ব্যবহার বাড়ানোর সুযোগ সৃষ্টির দিকে, যা কার্যত অবহেলিতই রয়েছে।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে জ্বালানি বিশেষজ্ঞ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম হিসাব করে দেখান, বর্তমানে প্রতি ইউনিট (১ হাজার ঘনফুট) গ্যাসের দাম যেখানে ১৮০ টাকার মতো (২ দশমিক ১৯ ডলার), সেখানে আগামী বছরের মধ্যভাগে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমান এলএনজি আমদানি শুরু হলে তার দাম পড়বে প্রায় ৩০০ টাকা (প্রতি ইউনিট এলএনজি ১০ ডলার হিসাবে)।

আগামী বছরের শেষ ভাগে আরও ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমান এলএনজি আমদানি শুরু হবে। তখন তার দাম পড়বে ৪৫০ টাকারও বেশি। এইভাবে সরকার ২০৩০ সালের মধ্যে দৈনিক ৩০০ কোটি ঘনফুট গ্যাসের সমান এলএনজি আমদানির পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চালাচ্ছে।

ম. তামিম বলেন, গ্যাসের পাশাপাশি বিপুল পরিমাণ কয়লাও আমদানির প্রক্রিয়া চলছে। সরকারের পরিকল্পিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য এই কয়লা আমদানি করা হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সরকারি পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালে প্রায় ৬ কোটি টন কয়লা আমদানি করতে হবে। এই আমদানি পরিকল্পনার পাশাপাশি দেশের জ্বালানি সম্পদ (গ্যাস, কয়লা প্রভৃতি) উন্নয়নের দীর্ঘমেয়াদি কোনো সরকারি পরিকল্পনা কিংবা তার বাস্তবায়ন নেই।

সেমিনারের প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই–ইলাহী চৌধুরী বলেন, বেশি দামের জ্বালানি ব্যবহার করেও যাতে বাজারের প্রতিযোগিতায় টিকে থাকা যায়, সে জন্য শিল্পোদ্যোক্তাদের নজর দিতে হবে জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার ও শিল্পের দক্ষতা বৃদ্ধির দিকে। তিনি বলেন, ‘কো-জেনারেশন’ (শিল্পকারখানায় ব্যবহৃত জ্বালানির যে অব্যবহৃত তাপ বায়ুমণ্ডলে উবে যায়, তা ধরে পুনর্ব্যবহার)-এর মাধ্যমে শিল্পোৎপাদন দ্বিগুণ দক্ষ করে তোলা যায়। এখন ‘ট্রাই-জেনারেশন’-এর প্রযুক্তিও চালু হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের কয়লা যে অঞ্চলে, সেটি পরিবেশগত ও ভূতাত্ত্বিকভাবে বিশেষ বৈশিষ্ট্যের হওয়ায় কয়লা তোলা কঠিন। তবে প্রযুক্তির অনেক উন্নয়ন হচ্ছে। ভবিষ্যতে যদি জুতসই প্রযুক্তি আসে, তখন সরকার অবশ্যই সেটা ভাববে। বিশ্ববাজারে জ্বালানির দাম কমে যাওয়ায় গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোম্পানিগুলো আগ্রহ হারিয়েছে। তারপরও চেষ্টা চলছে। সেখানে কিছু পাওয়া গেলে তা ব্যবহারের পর্যায়ে আনতে ৮–১০ বছর লাগবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও ছয়–সাত বছর সময় লাগে। কাজেই এই অন্তর্বর্তী সময়ের জন্য জ্বালানি আমদানি এবং তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে তাঁরই সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামও বক্তব্য রাখেন। মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচক ছিলেন বিইআরসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান সেলিম মাহমুদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ্‌ এম আমজাদ হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে নিয়োজিত অন্যতম রুশ প্রতিষ্ঠান ইনস্টিটিউট অরজেনারগোস্ট্রয়-এর কারিগরি পরিচালক মুশফিকুর রহমান এবং ইসিভিপি চট্টগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ানুল কবির।