সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে৷ গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়৷ এতে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির ওপর স্থিতাবস্থা জারির নির্দেশনার পাশাপাশি এ ধরনের সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে৷
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ আবেদনকারী হয়ে রিটটি করেন৷ তিনি প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার আবেদনের ওপর শুনানি হতে পারে৷
রিটে বলা হয়, সাংসদদের কী কী সুবিধা দেওয়া হবে, তা সংবিধানের ৬৮ অনুচ্ছেদে বলা আছে৷ কিন্তু সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি করা প্রসঙ্গে ওই অনুচ্ছেদে কিছু বলা নেই৷ তাই শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়টি ওই অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক৷ রিটে অর্থসচিব, যোগাযোগসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে৷