বর্ষা যাই যাই করছে। কিন্তু স্বাভাবিক বৃষ্টির দেখা নেই ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে। কখনো টিপ টিপ, কখনোবা একপশলা বৃষ্টি হচ্ছে। তা বর্ষানির্ভর আমন ধান চাষের জন্য যথেষ্ট নয়। পানির অভাবে অনেক কৃষক সেচ দিয়ে চারা রোপণ করেছেন। এখন সেচ দিয়েই ধানখেত টিকিয়ে রাখছেন।
কৃষি বিভাগ বলছে, স্বাভাবিক বৃষ্টি না হলে আমন চাষে অন্তত তিন ধরনের ক্ষতির মুখোমুখি হন কৃষক। প্রথমত সেচ দিতে বাড়তি খরচ হবে। দ্বিতীয়ত খেতে আগাছা, রোগ ও পোকার আক্রমণ বেড়ে যাবে। এতে ধানের ফলন ২০-২৫ ভাগ কমে যাওয়ার আশঙ্কা থাকে। তৃতীয়ত উৎপাদিত ধান থেকে ভালো মানের চাল পাওয়া যাবে না। আমন চারা রোপণের উপযুক্ত সময় আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত। কিন্তু এবার মৌসুমের শুরু থেকেই খরা চলছে।
৩ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির পানি শুকিয়ে গেছে। কিছু কিছু এলাকায় জমি ফেটে যেতে শুরু করেছে। শুকিয়ে যাওয়া খেত রক্ষায় কৃষকেরা সেচযন্ত্র দিয়ে সেচ দিচ্ছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডলপাড়া গ্রামের কৃষক রহিবুল ইসলাম (৪৫) বলেন, আমনের চারা রোপণের জন্য তিনি কিছুদিন বৃষ্টির অপেক্ষায় ছিলেন। পর্যাপ্ত বৃষ্টির দেখা না মেলায় শেষ পর্যন্ত ৬০০ টাকায় সেচ দিয়ে এক বিঘা জমিতে চারা রোপণ করেন। সামনেও বৃষ্টি না হলে খেতে আবার আগাছা নিধনের ওষুধ ছিটাতে হবে। ফলে খরচ বেড়ে যাচ্ছে।
কৃষকেরা বলছেন, সাধারণত ইরি-বোরো আবাদে সেচ লাগে। আমন আবাদেও সেচ দিতে হলে তাঁদের লোকসান গুনতে হবে। কারণ, ইরি-বোরোর তুলনায় আমনের ফলন হয় অর্ধেক। তাঁদের মতে, একটা সময় ছিল, যখন জৈব সার দিয়েই আমনের আবাদ হতো। এখন রাসায়নিক সার লাগে। এর ওপর সেচও দিতে হয়, তাই আমন চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের কৃষক মো. রহমত আলী (৪৭) বলেন, প্রতি বিঘায় গড়ে আমন ধানের ফলন হয় ১৬-১৭ মণ। বর্তমানে ধানের দাম চড়া। কিন্তু এবার যা অবস্থা, চলতি বাজারদরে ধান বিক্রি করলেও কৃষকের হাতে কিছুই থাকবে না। কারণ, বৃষ্টি না হওয়ায় সেচের পেছনে বিঘাপ্রতি অতিরিক্ত এক-দেড় হাজার টাকা খরচ হচ্ছে। তা ছাড়া বৃষ্টি না হওয়ায় ধানের ফলনও এবার কমে যাবে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এবার ১ লাখ ৩৫ হাজার ৭৪৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৬ আগস্ট পর্যন্ত চাষ হয়েছে ৬৪ হাজার ১৫০ হেক্টর। অথচ শ্রাবণ মাস শেষ হতে চলেছে। জেলায় বরেন্দ্র কর্তৃপক্ষের ১ হাজার ৪১৫টি গভীর নলকূপ সচল রয়েছে। অন্যদিকে কৃষকেরা নিজ উদ্যোগে ৪৭ হাজার ৭৩৭টি অগভীর নলকূপ ব্যবহার করে আমন খেতে সেচকাজ চালিয়ে যাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাউদুদুল ইসলাম বলেন, বৃষ্টিপাত কম হলেও আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা নেই। বৃষ্টিপাত কম হওয়ার প্রভাব যাতে আমনের ওপর না পড়ে, সে জন্য সচেতন কৃষকেরা খেতে সেচ দিচ্ছেন। যদিও এতে তাঁদের উৎপাদন খরচ কিছুটা বেড়ে যাবে।
পঞ্চগড়েও বৃষ্টির অভাবে আমন আবাদে মারাত্মক বিঘ্ন ঘটেছে। অনেক কৃষক বাড়তি খরচ করে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছেন। খরার কারণে সেসব খেতের অবস্থাও অত্যন্ত নাজুক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পঞ্চগড়ে ৯৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে ধরে নিয়েছে তারা। কারণ, এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চারা রোপণ করতে পেরেছেন চাষিরা। কৃষকদের বড় একটি অংশ বৃষ্টির আশায় রয়েছে। তাঁরা জমি চাষ দিয়ে রাখলেও চারা রোপণ করতে পারছেন না। যাঁরা সেচ দিয়ে জমিতে চারা লাগিয়েছেন, তাঁদের এ জন্য বিঘাপ্রতি বাড়তি ৭০০ থেকে ১ হাজার টাকা গুনতে হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামছুল হক বলেন, ‘পরিমিত বৃষ্টিপাত না হওয়ায় এখন পর্যন্ত নিচু জমি ও সেচ দিয়ে কিছু জমিতে কৃষকেরা আমনের চারা লাগাতে পেরেছেন। উঁচু জমিগুলো পড়ে আছে। আমরা চাষিদের সেচ দিয়ে আমনের চারা রোপণের পরামর্শ দিয়ে যাচ্ছি।’