আমন কাটা বাড়লে চাল কেনা শুরু করবে সরকার
আমন ধান কাটার পরিমাণ বাড়লে ও বাজারে চালের মূল্যের ওপর তার প্রভাব দেখে সরকার আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য চূড়ান্ত করবে। মূল্য নির্ধারণে কৃষকের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। গতকাল মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠকে খাদ্যনিরাপত্তা পরিস্থিতি, খাদ্যশস্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মূল্য, সরকারি সংগ্রহ অবস্থা, সরকারি-বেসরকারি আমদানি পরিস্থিতি, সরকারি খাদ্য বিতরণ অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সরকারের গুদামে প্রায় ১৫ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। মজুদের প্রক্রিয়ায় আছে আরও চার লাখ টন। এ পরিস্থিতিতে দুই লাখ টনের মতো খাদ্য সংগ্রহ করা যাবে। বৈঠকে খোলাবাজারে চাল-আটা বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা এবং চাল ও আটার কেজিপ্রতি পূর্বনির্ধারিত মূল্য যথাক্রমে ২৪ টাকা ও ২০ টাকা বহাল রাখার সুপারিশ করা হয়।