আমন খেতে খোলপচা রোগ মাজরা পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাদ্র মাসে খরা ও অনাবৃষ্টির কারণে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আমন ধানের খেতে খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও কাজ না হওয়ায় কৃষকেরা আমনের আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।রোগ ও পোকার আক্রমণ থেকে আমন রক্ষায় প্রয়োজনীয় পরামর্শসহ উপজেলা কৃষি কার্যালয়ের পক্ষে প্রতিদিনই ইউনিয়নগুলোতে মাইকিং করা হচ্ছে।উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে উলিপুর পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ২০ হাজার ১৪৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ছয় হাজার ২০৫ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। উপজেলায় গত জুলাই ও আগস্টে বৃষ্টিপাত হয়েছে ২৪০ থেকে ২৪৩ মিলিমিটার, যা গতবারের চেয়ে অনেক কম। তা ছাড়া চলতি ভাদ্র মাসে কোনো বৃষ্টি না হওয়ায় এবং তীব্র খরা দেখা দেওয়ায় আমনের আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে। খরা মোকাবিলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকেরা ইতিমধ্যে পাঁচটি গভীর নলকূপ ও ৪৪৮টি অগভীর নলকূপ থেকে জমিতে পানি দিচ্ছেন। এ ছাড়া বরেন্দ্র কর্তৃপক্ষ তাদের পরিচালিত ৪৪টি গভীর নলকূপ দিয়ে কৃষকের জমিতে সেচ দিচ্ছে।উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামের কৃষক বাবর আলী (৫৬), বজরা এলাকার কৃষক গোলবাহার (৩৪) ও গুনাইগাছ ইউনিয়নের কৃষক কবির উদ্দিন (৫২) জানান, বৃষ্টিহীন ভাদ্রের খরতাপে তাঁদের এলাকায় প্রায় ৬০-৭০ ভাগ আমন খেতে খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। তাঁরা জানান, এখন ধানগাছ বেড়ে উঠছে; ঠিক এই সময় আমনের খেতে ব্যাপক হারে খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণ দেখা দেয়। পোকার আক্রমণ ঠেকাতে কৃষকেরা কীটনাশক প্রয়োগ করছেন। খোলপচা রোগে ধানের চারাগাছ হলুদ হয়ে গেছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না।তবকপুর ইউনিয়নের কৃষক রাজা মিয়া জানান, খোলপচা রোগে তাঁর দুই একর জমির সবুজ ধানগাছ হলুদ বর্ণ ধারণ করেছে। সবচেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বর্গাচাষিরা। থেতরাই ও দলদলিয়া গ্রামের বর্গাচাষি জয়নাল আবেদীন (৬০) ও রফিকুল ইসলাম (৫৭) জানান, তাঁরা দুই একর করে জমি বর্গা নিয়েছেন। জমিতে চারা লাগানোর পর ধান গাছ বেড়ে ওঠার সময় হঠাৎ ব্যাপক হারে খোলপচা রোগ ও পোকার আক্রমণ দেখা দেয়। বাজার থেকে কীটনাশক এনে জমিতে ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। এ অবস্থায় আমনের আবাদ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।উপজেলা কৃষি কার্যালয়ের এক হিসেবে দেখা গেছে, গত ১০-১৫ দিনে উপজেলার ২০০ হেক্টর আমন খেতে খোলপচা রোগের আক্রমণ দেখা দিয়েছে। আর মাজরা পোকার আক্রমণ হয়েছে ১৫৯ হেক্টর জমিতে। তবে কৃষকদের হিসাবমতে, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বেশি।উলিপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরন্নবী মিয়া জানান, ধানগাছের হলুদ বর্ণ রোধে গাছের পাতায় এমওপি (মিউরেট অব পটাশ) সার ছিটানোর এবং খোলপচা ও মাজরা পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কীটনাশক (রিজেন, দানাদার বাসুডিন) ও বাঁশের কঞ্চি বা খুঁটি পুঁতে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জমিতে খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণের সত্যতা নিশ্চিত করে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ ছাড়া খরা মোকাবিলায় কৃষকদের জমিতে সেচ দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।