আমন খেতে পোকা, কৃষক বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা ও নিয়ামতপুরের প্রায় দেড় হাজার বিঘা আমন ধানের খেতে বাদামি ফড়িং বা কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। ১৭ দিন ধরে এ আক্রমণ দেখা দিয়েছে। এরপর থেকে খেতে কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। এতে চলতি মৌসুমে আমনের উৎপাদন ব্যাহত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
বাদামি ফড়িংয়ের আক্রমণ থেকে আমনখেত বাঁচাতে স্থানীয় কৃষি বিভাগ থেকে আক্রান্ত এলাকাগুলোতে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সরেজমিনে গত বুধবার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট, শিবপুর, খড়িবাড়ীহাট, কুশমইল, চন্দননগর ইউনিয়নের বামইন, তালপুকুরিয়া, গোবিন্দপুর, নিয়ামতপুর সদর ইউনিয়নের মুড়িহারি, শালবাড়ী রসুলপুর ইউনিয়নের সিরাজপুর ও দামপুরা গ্রাম ঘুরে দেখা যায়, এসব গ্রামের আক্রান্ত খেতে ধানগাছের পাতাগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে। কোনো কোনো মাঠে ধানের গাছ মরে শুকনো খড়ের মতো হয়ে গেছে। আক্রান্ত ধানের শিষগুলোর গোড়া পোকায় কেটে দেওয়ায় মাথা ধরে টান দিতেই গাছ উঠে আসছে। আক্রান্ত শিষের ধানগুলো বাদামি রং হয়ে চিটা ধরে গেছে।
শালবাড়ী গ্রামের কৃষক আবদুর রহমান বলেন, চলতি মৌসুমে নয় বিঘা জমিতে তিনি স্বর্ণা জাতের ধান আবাদ করেছেন। শুরুর দিকে ভালো থাকলেও গত ১০-১৫ দিন আগে তাঁর তিন বিঘা জমির আমনখেতে বাদামি ফড়িংয়ের আক্রমণ দেখা দিয়েছে। তিনি বলেন, ‘ধানখেতে কীটনাশক দিয়েও কোনো কাজ হচ্ছে না। আর চার-পাঁচ দিন এ অবস্থা চললে তিন বিঘা জমির কোনো ধান ঘরে তুলতে পারব না।’
গোবিন্দপুর গ্রামের কৃষক আবদুল জব্বার বলেন, তাঁর দুই বিঘা জমির আমনখেত বাদামি ফড়িংয়ের আক্রমণে শেষ হয়ে গেছে। খেতগুলোতে ধানের গাছ মরে শুকনো খড়ের মতো হয়ে গেছে। এতে তাঁর প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমির আবদুল্লাহ ওয়াহেদুজ্জামান বলেন, উপজেলার কিছু এলাকায় আমনখেতে বাদামি ফড়িং পোকার আক্রমণ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকেরা এ পোকাকে কারেন্ট পোকা বলেন। এই পোকা দমনে মাঠপর্যায়ে কৃষকদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে পোরশার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামের কৃষক শহিদুল্লাহ, ইয়ার মোহাম্মদ, বদের মণ্ডল, রমজান আল বলেন, গত সপ্তাহের শুরুর দিকে হঠাৎ করে অন্য কৃষকদের মতো তাঁদের জমিতে বাদামি ফড়িংয়ের আক্রমণ দেখা দেয়। রাতারাতি এই পোকা এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে পড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান বলেন, এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এলাকায় এলাকায় গিয়ে প্রয়োজনীয় করণীয় ব্যবস্থা সম্পর্কে মাইকিংও করা হচ্ছে।