আমন খেতে মাজরা পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আমন খেতে ব্যাপক হারে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকায় ধানগাছের শিষ কেটে দেওয়ায় গাছগুলো শুকিয়ে যাচ্ছে। কৃষকেরা আশঙ্কা করছেন, মাজরা পোকা যে হারে আক্রমণ করেছে তাতে এবার আমন মৌসুমে তাঁরা ধানের অর্ধেক ফলনও পাবেন না। অবশ্য কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, কৃষককে সচেতন করতে তাঁরা মাঠসভা শুরু করেছেন। তা ছাড়া দ্রুত পোকা দমন করা সম্ভব হলে ধানের ফলন খুব বেশি হ্রাস পাবে না। কালীগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৮ হাজার ৬৩৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে স্বর্ণা, গুটি স্বর্ণা, বিআর-১১, হরি, ব্রি-৩০, ব্রি-৩৯সহ বিভিন্ন জাতের ধান রয়েছে। জানা গেছে, উপজেলার বারোবাজার, মালিয়াট, রাখালগাছি, কাষ্টভাঙা, নিয়ামতপুর, ত্রিলোচনপুর, কোলা ইউনিয়ন এলাকায় এই পোকার আক্রমণ বেশি দেখা দিয়েছে। সরেজমিনে বারোবাজার ও রাখালগাছি ইউনিয়নের একাধিক মাঠ ঘুরে দেখা গেছে, খেতের সবুজ ধানগাছ লাল হয়ে গেছে। কৃষকেরা বিভিন্ন কীটনাশক স্প্রে করার কাজে ব্যস্ত। বারোবাজার ইউনিয়নের পিরোজপুর মাঠে কীটনাশক স্প্রে করার সময় কৃষক সিরাজুল ইসলাম জানান, ১৫ কাঠা জমিতে স্বর্ণা জাতের ধান চাষ করেছিলেন। ইতিমধ্যে বীজ, সার, ওষুধসহ প্রায় চার হাজার টাকা ব্যয় করেছেন। আশা করেছিলেন ১২-১৩ মন ধান পাবেন। কিন্তু পোকা এমনভাবে আক্রমণ করেছে, অধিকাংশ ধানগাছের শিষ নষ্ট করে দিচ্ছে। এতে অর্ধেক ধানও পাবেন কি না তা নিয়ে সন্দেহ করছেন। একই মাঠের আরেক কৃষক শাহাদৎ হোসেন জানান, তাঁর তিন বিঘা জমিতে ধান রয়েছে। সবগুলো খেতেই মাজরা পোকার আক্রমণ হয়েছে। ১৫ দিন আগে থেকে হঠাৎ করে এই পোকার আক্রমণ দেখা দেয়। এর পর থেকে নানা ওষুধ দিচ্ছেন কিন্তু পোকা দমন করতে পারছেন না। কৃষি বিভাগের লোকজনও মাঠে আসেন না। তাই তাঁরা কীটনাশকের দোকানমালিকদের পরামর্শে কন্ট্রোল, ডেল্টাফস, শাটআপসহ বিভিন্ন কীটনাশক ওষুধ স্প্রে করছেন। কিন্তু মাজরা পোকা মরছে না। প্রায় একই ধরনের কথা বলেন রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুরের জমির হোসেনসহ কয়েকজন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেন, ‘হঠাৎ করেই মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কয়েকটি ইউনিয়নে এই আক্রমণটা খুব বেশি। পোকার আক্রমণ বেশি হওয়ায় আমরা মাঠসভা করে কৃষকদের পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের লোকজন মাঠে যাচ্ছেন না, এ কথা ঠিক নয়। ইতিমধ্যে কোলা, জামাল, মালিয়াট, বারোবাজার, রাখালগাছি ইউনিয়নে মাঠসভা করেছি। এই পোকা দমনে সর্বপ্রথম প্রয়োজন খেতের মধ্যে ডালপালা গেড়ে দেওয়া। তাহলে উড়ে বেড়ানো পাখি পোকা খেয়ে দমন করে দেবে। এরপর আলোর ফাঁদ করা গেলে পোকা দমন সম্ভব। সর্বশেষ কীটনাশক ওষুধ স্প্রের মাধ্যমে পোকা দমন করা সম্ভব।’