ভরা বর্ষায় প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির কারণে রংপুরের পীরগাছায় খাল-বিল, ডোবাসহ নিচু জলাশয়গুলো শুকিয়ে গেছে। শ্রাবণ মাসের প্রচণ্ড খরা ও দাবদাহে আমন বীজতলাসহ মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। ফলে আমনের চারা রোপণ ও পাট পচাতে না পেরে কৃষকেরা বিপাকে পড়েছেন।উপজেলার কান্দি ইউনিয়নের সতন্তরা গ্রামের কৃষক জহির উদ্দিন (৮৫) বলেন, ‘আমার বয়সে আষাঢ়-শ্রাবণ মাসে এমন খরা কখনো দেখিনি।’গতকাল শনিবার উপজেলার কান্দি, কৈকুড়ি, পীরগাছা ও তাম্বুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাসের ছয় দিন পেরিয়ে গেলেও মাঠঘাট, খালবিল শুকিয়ে আছে। পানির অভাবে কৃষকেরা জমি তৈরি করতে না পেরে এখনো আমনের চারা রোপণ করেননি। আমনের জমি চাষ না করায় তা গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।উপজেলার কান্দি ইউনিয়নের দাদন গ্রামের কৃষক হাফিজুর রহমান জানান, আষাঢ় মাসের ১৫ তারিখ থেকে জমি তৈরিসহ আমনের চারা রোপণ করা শুরু হয়। কিন্তু আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ অতিবাহিত হতে চললেও বৃষ্টির অভাবে আমনের চারা রোপণ করা সম্ভব হচ্ছে না। একই গ্রামের কৃষক আবদুস সালাম বলেন, ‘এমনিতেই এবার শিলাবৃষ্টির কারণে বোরো ধান ঘরে তুলতে পারিনি। তার ওপর বৃষ্টির অভাবে সময়মতো আমন রোপণ করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছি।’ পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের কৃষক তাজরুল ইসলাম ভাণ্ডারী জানান, পানির অভাবে পাট কাটতে না পারায় সেগুলো জমিতে শুকিয়ে যাচ্ছে। এতে পাটের উৎপাদন খরচ না ওঠার আশঙ্কা রয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফতাব হোসেন জানান, অনাবৃষ্টির কারণে কৃষকেরা শ্রাবণ মাসেও আমন রোপণ করতে পারছেন না। সেচের মাধ্যমে কৃষকদের আমন রোপণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু অনাবৃষ্টির কারণে আমন চাষের ভরা মৌসুমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, এক হাজার ৬০০ হেক্টর জমিতে পাট আবাদ করা হলেও পানির অভাবে কৃষকেরা পাট পচাতে পারছেন না।