আমন চাষ নিয়ে ২৫ হাজার কৃষকের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২৬টি গ্রামের প্রায় ২৫ হাজার কৃষক দীর্ঘদিন পর জমিতে আমন ধান চাষাবাদের প্রস্তুতি নিলেও জমিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে ফসল ফলবে কি না, তা নিয়ে সন্দিহান। এই আশঙ্কায় অনেকেই জমি চাষে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।গত পাঁচ বছর বাঁধের অভাবে স্বাভাবিক জোয়ারের সময় জমিতে সমুদ্রের পানি ঢোকায় এসব কৃষক চাষাবাদ করতে পারেননি।এলাকাবাসী জানান, আমতলী ও কলাপাড়ার কোলঘেঁষা আন্ধারমানিক নদীর মোহনা এবং শারিকখালী-কচুপাত্রার দোন নদের সংযোগস্থলে নির্মিত বাঁধ ২০০৬ সালে মাছের ঘের করাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ কেটে দেয়। এতে লোনা পানিতে আমতলীর কড়ইবাড়িয়া, কচুপাত্রা, বাদুরগাছা, শারিকখালী, বলইবুনিয়া, চাউলাপাড়া, আঙ্গুলকাটা, কলারং, দক্ষিণ চাউলাপাড়া, বেহালা, আলীরবন্দর, ঝাড়খালী এবং কলাপাড়ার উত্তর চাকামইয়া, দক্ষিণ চাকামইয়াসহ ২৬টি গ্রামের প্রায় ১০ হাজার হেক্টর জমি জোয়ারের পানিতে প্লাবিত হয়। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বাঁধটি লন্ডভন্ড হয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। অনেক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। লবণাক্ততার প্রভাবে গাছপালা মরে যেতে থাকে। গত পাঁচ বছরে এসব গ্রাম পরিণত হয় ফসলশূন্য জনপদে। এতে কৃষিনির্ভর ওই গ্রামগুলোর ২৫ হাজার কৃষকের পরিবারে দুর্দিন নেমে আসে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পাউবো তিন কোটি ৪১ হাজার টাকায় ১৫০ ফুট দীর্ঘ বাঁধের (ক্লোজার) নির্মাণকাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ করে। এরপর এলাকার কৃষকেরা নতুন উদ্যমে আমন চাষের প্রস্তুতি নিতে গিয়ে দেখেন, জমিতে লবণাক্ততা এত বেশি যে এতে ফসল উৎপাদনের সম্ভাবনা কম। ফলে তাঁদের আগ্রহে অনেকটা ভাটা পড়ে।শারিখালী গ্রামের কৃষক জাকির হোসেন বলেন , ‘বান দেওনের পর এহোন আরেক চিন্তা অইলো জমিতে ফসল ফলবে কি না। জমিগুলান নুনে শ্যাষ অইয়্যা গ্যাছে। এই জমিতে ফসল বুনলে সব পুইড়্যা যাইবে। এহন কী যে হরমু, ভাইব্বা পাই না।’আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, ‘দীর্ঘদিন জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় ওসব এলাকার জমিতে লবণাক্ততার পরিমাণ আশঙ্কাজনক। তবে দু-একবার চাষাবাদ করলে ক্রমশ লবণাক্ততা কেটে যাবে এবং একসময় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে ধারণা করছি।’ কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিরুত্তম সরকার বলেন, তাঁর উপজেলার ওসব গ্রামে কৃষকদের লবণসহিষ্ণু ধান চাষের পরামর্শ দেওয়া হয়েছে।