জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের অনেক জমিতে চলতি মৌসুমে আমন চাষ করা সম্ভব হবে না।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণরাজঘাট এলাকার তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমন চাষ করতে না পারায় এলাকার তিন শতাধিক কৃষক বেকার হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফুলজানমোরা, মাইজপাড়া, মগডেইল, দক্ষিণ রাজঘাট ও সাইরার ডেইল এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
মগডেইল এলাকার বাসিন্দা কৃষক মোহাম্মদ হোছাইন ও কলিম উল্লাহ বলেন, আমন চাষ করার জন্য তাঁরা কয়েকবার বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু জমি লবণাক্ত পানিতে প্লাবিত হওয়ায় এখন চাষ করা সম্ভব হচ্ছে না।
কৃষক নুরুল আলম বলেন, এবার আমন চাষ করার জন্য তিনি ২০ হাজার টাকায় এক একর জমি লিজ নিয়েছিলেন। কিন্তু এখন চাষ করতে পারছেন না।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ভাঙা বেড়িবাঁধের কারণে চলতি মৌসুম প্রায় তিন শ একর জমিতে আমন চাষ করা যাচ্ছে না। এতে এলাকার তিন শতাধিক কৃষক বেকার হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম বলেন, প্রাথমিক হিসাবে, মাতারবাড়ী ইউনিয়নে চলতি মৌসুমে অন্তত ১২৫ একর জমিতে আমন চাষ হবে না।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, জোয়ারের কারণে চলতি মৌসুমে আমন চাষ চরমভাবে ব্যাহত হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা দরকার।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান জানান, ভাঙা বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।