আসন্ন আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করবে না সরকার। বরং খাদ্যের মজুদ বাড়াতে বিদেশ থেকে আট লাখ টন চাল-গম আমদানি করা হচ্ছে।গতকাল সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কমিটির সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। আব্দুর রাজ্জাক বলেন, বেশি মূল্যে ধান কিনলে বাজারে চালের দাম বাড়ার আশঙ্কায় আমন আপাতত সংগ্রহ করা হচ্ছে না। তবে ধানের দাম যদি বেশি পরিমাণে কমে যায় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়, তখন সরকার সংগ্রহ করবে।আব্দুর রাজ্জাক আরও জানান, দেশের খাদ্যগুদামগুলোতে দুই লাখ মেট্রিক টন গম ও চার লাখ টন চাল রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় আমন ধান কাটা শুরু হয়েছে। এবার এক কোটি ৩৫ লাখ টন আমনের চাল উৎপাদিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আট লাখ টন চাল গুদামে আসবে। এই চাল-গম দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো চালানো যাবে।চলতি বছর আমনের মৌসুমে প্রতি কেজি চাল উৎপাদনে কৃষকদের ২১ থেকে ২২ টাকা খরচ পড়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বাজারে প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা প্রতি কেজি চালে নয় টাকা লাভ করছেন। অনেক এলাকায় মানুষ আগে দুই বেলা খেতে পারত, এখন তিন বেলা খায়। এবার কোরবানির ঈদে ১০ শতাংশ বেশি কোরবানি হয়েছে। দারিদ্র্যসীমার নিচে থাকা ৪০ শতাংশ মানুষের জন্য সরকার খাদ্যনিরাপত্তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।খাদ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আমদানি করা খাদ্যের মাধ্যমে চালের বাজারমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া ওএমএস ও ফেয়ার প্রাইস কার্ডের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে শুধু রাজধানীতে পাঁচ লাখ ফেয়ার প্রাইস কার্ড এবং সারা দেশে আরও ছয় লাখ কার্ড বিতরণ করা হয়েছে।বর্তমানে বিশ্বের কোনো দেশেই চালের দাম বাংলাদেশের মতো এত কম নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘উচ্চমূল্যের কারণে আমাদের দেশে কোনো ব্যবসায়ী চাল আমদানি করেন না। সরকারই শুধু এককভাবে চাল আমদানি করে। প্রতিবেশী ভারতের কলকাতায় এখন চালের কেজি ৩২ টাকা।’আন্তর্জাতিক বাজারে গমের দাম বেশি হওয়ায় চালের দাম বাড়ছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, আগামী আগস্টে বিশ্ববাজারে গম ওঠা শুরু করবে। তখন দাম কমে এলে আন্তর্জাতিক বাজারে চালের দামও কমে যাবে।খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং মন্ত্রিপরিষদের সচিব এম আবদুল আজিজ উপস্থিত ছিলেন।