আমন ধানের গাছ ঘাস হিসেবে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় পানির অভাবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আমনখেতে ধানের শিষ বের হয়নি। এ কারণে কৃষকদের অনেকেই এখন ধানগাছ কেটে আঁটি বেঁধে ঘাস হিসেবে বাজারে বিক্রি করছেন। আমনখেত থেকে এক ছটাকও ধান না পেয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা। পুঁজি শেষ হয়ে যাওয়ায় কৃষকেরা এখন রবি ফসলের আবাদ নিয়ে চিন্তিত।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে জানা গেছে, এ বছর পীরগঞ্জের ২৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, এসব এলাকার একটু উঁচু জমিতে আবাদ করা আমনখেতগুলোর ধানগাছে কোনো শিষ বের হয়নি।ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, এখন আর ধানের শিষ বের হওয়ার সময়ও নেই। তাই তাঁরা ধানের গাছ ঘাস হিসেবে বিক্রি করে দিচ্ছেন। আমনখেত থেকে উৎপাদন খরচের কিছুই না পাওয়ায় তাঁরা গম, আলুসহ অন্যান্য রবি ফসলের আবাদ করতে পারছেন না। ডাঙ্গীপাড়া গ্রামের হাসান আলী জানান, ছয় হাজার টাকা খরচ করে ২৭ কাঠা জমিতে তিনি এবার আমনের আবাদ করেছিলেন। এবার বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টির দেখা মেলেনি। সেচের সুবিধা না থাকায় তিনি আমনখেতে পানি দিতে পারেননি। শিষ না গজানোয় এখন তিনি ধানগাছগুলো কেটে ঘাস হিসেবে বিক্রি করে দিচ্ছেন।দোগাছি গ্রামের বর্গাচাষি তাজমুল ইসলাম জানান, শিষ না গজানোয় ২৮ অক্টোবর তিনি তাঁর খেতের ধানগাছ কেটে পীরগঞ্জ কলেজ হাটে ১০০টি আঁটি ৩৪০ টাকায় বিক্রি করেন। তিনি জানান, আমনের আবাদ করে তাঁর সব পুঁজি শেষ। এখন রবি ফসলের আবাদের জন্য অর্থ জোগাড় করবেন কীভাবে তা নিয়ে তিনি চিন্তিত। একই গ্রামের কৃষক করিমুল হক জানান, ছয় হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে তিনি আমনের চারা রোপণ করেন। কিন্তু ধানগাছ থেকে কোনো শিষ বের হয়নি।উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এবার আগস্টে খরা হলেও সেপ্টেম্বর-অক্টোবরে কিছু বৃষ্টি হয়েছে। তাতে কিছুটা ক্ষতি পূরণ হয়ে যাওয়ার কথা। তার পরও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ধানের ক্ষতি হতে পারে।