আমন ধানের বীজ না পেয়ে খালি হাতে ফিরলেন সহস্রাধিক কৃষক
বরগুনার আমতলীর সহস্রাধিক কৃষক গতকাল রোববার আমন ধানের বীজ কিনতে পৌর শহরে এসে না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। এ ছাড়া যাঁরা চড়া দামে কিছু বীজ কিনেছেন, তাঁরা ডিলারদের বিরুদ্ধে পচা বীজ সরবরাহের অভিযোগ করেছেন।
উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক কৃষক গতকাল সকালে আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তা, হাসপাতাল সড়ক, একে স্কুল ও পুরোনো বাজারের বিএডিসি ডিলারের দোকানে বীজ কিনতে আসেন। এ সময় ডিলাররা কোনো বীজ নেই বলে তাঁদের জানিয়ে দেন। তাঁরা দোকান বন্ধ করে চলে যান।
কৃষকেরা উপায় না পেয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুর রহমানের দপ্তরে ডিলারদের বীজ না দেওয়ার বিষয়ে অভিযোগ দিতে যান, কিন্তু তাঁরা ইউএনওকে পাননি। পরে কৃষকেরা উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলমের কাছে যান।
এস এম বদরুল আলম বলেন, ‘কৃষকেরা আমার কাছে এসেছিলেন। আমি দুজন উপসহকারী মাসুম ও সাইফুল ইসলামকে ডিলারদের দোকানে পাঠিয়েছি, যাতে কৃষকেরা তাঁদের চাহিদামতো বীজ পান।’
আমতলী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মজনু প্যাদা বলেন, ‘বিআর-২৩ জাতের বীজের জন্য শহরের সব ডিলারের দোকান খুঁজেছি, কোথাও পাইনি। সব ডিলারের দোকান বন্ধ রয়েছে।’ তিনি আরও বলেন, আষাঢ় মাসের আর মাত্র ছয় দিন বাকি। এই ছয় দিনে মধ্যে বীজতলা তৈরি করতে না পারলে কৃষকদের সর্বনাশ হবে। এ সময়টাকে পুঁজি করে ডিলাররা বেশি দামে বীজ বিক্রি করার চক্রান্ত করছেন। একই ধরনের কথা জানান চাওড়া গ্রামের আক্কাস আলী সরদার, হলদিয়া গ্রামের আতাহার বিশ্বাসসহ ১০-১২ জন কৃষক।
কৃষকেরা জানান, বিআর-২৩, বিআর-৫২ ও বিআর-৪৯ উচ্চফলনশীল জাতের ধানের বীজের চাহিদা বেশি। এ বীজের চাহিদা থাকায় স্থানীয় ডিলাররা বেশি দামে বিক্রির জন্য টালবাহানা করছেন।
গাজীপুর বন্দরের ডিলার আলতাফ হোসেন ও বেলাল মাতবর ১০ কেজির ১ বস্তা ৩৫০ টাকার বীজ এখন ৮৫০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা। গাজীপুর গ্রামের কৃষক আলী মোল্লা বলেন, ৩ বস্তা বিআর-২৩ বীজ ৮৫০ টাকা দরে ২ হাজার ৫৫০ টাকায় বেলাল মাতবরের কাছ থেকে কিনেছেন তিনি। একই গ্রামের রহিম হাওলাদার জানান, ৪ বস্তা বীজ ৮৫০ টাকা দরে ৩ হাজার ৪০০ টাকায় কিনেছেন।
আমতলী পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মো. মশিউর রহমান বলেন, ‘মিরন মৃধা নামের এক ডিলারের কাছ থেকে বিআর-২৩ জাতের তিন বস্তা বীজ কিনেছি। ওই তিন বস্তার মধ্যে এক বস্তা পচা।’ বীজ ব্যবসায়ী মো. মিরন মৃধা বলেন, ‘পচা বীজ রেখে টাকা ফেরত দিয়েছি।’