আমনের উৎপাদন ভালো হলে আগামী ডিসেম্বরে চাল রপ্তানির অনুমোদন দেওয়া হবে। চলতি বছর উৎপাদন বাড়ায় কৃষক ধান-চালের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাই রপ্তানির অনুমতি দেওয়া হলে কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা আছে। গতকাল শুক্রবার চ্যানেল আইয়ের কার্যালয়ে ‘খাদ্যনিরাপত্তা ও গণমাধ্যম’ শীর্ষক এক সেমিনারে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এ কথা জানিয়েছেন।চ্যানেল আইয়ের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত ওই আলোচনায় খাদ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে সরকার প্রতিটি জেলায় একটি করে খাদ্যগুদাম নির্মাণ করতে যাচ্ছে। এতে আরও ১২ লাখ টন ধান-চাল সংগ্রহ করা যাবে। ফলে সরকারের সংগ্রহক্ষমতা দাঁড়াবে ৩০ লাখ টনে।সেমিনারের সঞ্চালক হিসেবে বক্তব্য রেখে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, ‘প্রতিবছর দেশে ১৮ থেকে ১৯ লাখ নতুন মুখ আসছে। তাদের জন্য খাদ্য নিশ্চিত করতে হবে। পুষ্টিকর খাদ্যের অভাবে পাঁচ বছরের কম বয়সী ৩৮ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। প্রযুক্তির ব্যবহার ও উন্নত জাতের ফসলের চাষ করে আমরা উৎপাদন যতটা বাড়াচ্ছি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আবার ততটাই পিছিয়ে পড়ছি।’ গণমাধ্যমকর্মীদের উচিত এসব সমস্যার কারণ ও সমাধানের ব্যাপারে অনুসন্ধানী প্রতিবেদন করা।সেমিনারের শুরুতে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরামর্শক শহিদুল ইসলাম বলেন, ‘গ্রাম-শহরের সবাই দুবেলা খেতে পারছে, এটি একটি সফলতা। কিন্তু আমাদের খাদ্য কতটা নিরাপদ, তা ভেবে দেখতে হবে। খাদ্যের পুষ্টিমানের দিক থেকে বিশ্বে আমাদের অবস্থান শেষের দিকে। ফলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের ব্যাপারে মনোযোগ দিতে হবে।’বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সাবেক মহাপরিচালক হামিদ মিঞা বলেন, কৃষিপ্রযুক্তির ব্যবহারে সরকারি সংস্থাগুলো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ওই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, তা গণমাধ্যমে প্রচার করতে হবে। কৃষিবিষয়ক সব প্রতিষ্ঠানের সঙ্গে গণমাধ্যমের সংযোগ আরও বাড়াতে হবে।অনুষ্ঠানে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান ও পরিচালক শাইখ সিরাজ বলেন, কৃষি বিষয়ে সাংবাদিকতাকে একসময় গুরুত্ব দেওয়া হতো না। এখন দেশের বেশির ভাগ গণমাধ্যমে কৃষি ও খাদ্য বিষয়ে আলাদা প্রতিবেদক কাজ করছেন। তাঁরা এ বিষয়ে নানা তথ্য-উপাত্ত, সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরছেন।সেমিনারে বিশ্বব্যাংকের কৃষিবিষয়ক পরামর্শক ইফতেখারুল ইসলাম, ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর বার্তা সম্পাদক রিয়াজ আহমদসহ গণমাধ্যমের খাদ্য ও কৃষিবিষয়ক প্রতিবেদন করেন এমন সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা কৃষিজমি সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধ করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।