আমন মৌসুমেই সাড়ে ৫৫ লাখ টন বাড়তি ধান উৎপাদন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু আমন মৌসুমেই সাড়ে ৫৫ লাখ টন বাড়তি ধান উৎপাদন করা সম্ভব হবে, যার মূল্য প্রায় এক হাজার ১০০ কোটি টাকা। গবেষণা পর্যায় ও কৃষকের ধান ফলনের পার্থক্য কমানো গেলে এই বাড়তি উৎপাদন সম্ভব। গতকাল মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।ব্রি মিলনায়তনে ‘ধান ফসলের ফলন পার্থক্য কমানো’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) খায়রুল বাশার। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন) সাইদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবীর।কর্মশালায় জানানো হয়, গবেষণাকেন্দ্র ও কৃষকের জমির ফলনের পার্থক্য কমানোর উদ্দেশ্যে ২৫ জেলার ৭৫টি উপজেলায় গবেষণা কার্যক্রম ‘রোপা আমন-২০১১’ বাস্তবায়ন করা হয়। এই গবেষণার ফলাফলে দেখা যায়, কৃষকের নিজস্ব চাষাবাদ ও গবেষকদের তত্ত্বাবধানে চাষাবাদের মধ্যে হেক্টরপ্রতি ফলনের পার্থক্য ২৬ দশমিক ৪৪ শতাংশ কমানো সম্ভব হয়েছে। ওই ৭৫ উপজেলায় গবেষণা-কার্যক্রম চালানোর মাধ্যমে ২৯ লাখ ১৪ হাজার টন ধানের ফলনের পার্থক্য কমানো সম্ভব হয়েছে।কর্মশালায় বিজ্ঞানী, বিশেষজ্ঞ, সম্প্রসারণবিদ ও সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন।কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে ৭৫টি উপজেলায় গবেষণার জমি ও কৃষকের জমিতে বিরাজমান ফলনের পার্থক্য গড়ে প্রতি হেক্টরে এক টন। ব্রির উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতসহ ব্যবস্থাপনা পদ্ধতিগুলো কৃষকের জমিতে ব্যবহার করে এই পার্থক্য যদি কমিয়ে আনা যায়, তাহলে শুধু আমন মৌসুমেই প্রায় এক হাজার ১০০ কোটি টাকার বাড়তি ধান উৎপাদন করা যেতে পরে। দেশে বর্তমানে তিন মৌসুমে আবাদযোগ্য ধানিজমির পরিমাণ ১০ দশমিক ৫৮ মিলিয়ন হেক্টর।