আমনকুঁড়া বিল যেন ভাগাড় এলাকাবাসীর দুর্ভোগ

দেড় দশক ধরে শেরপুর পৌরসভার গৃদানারায়ণপুর এলাকায় আমনকুঁড়া বিল নামে পরিচিত খালটিতে শহরের সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে খালটি দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। এতে পানিনিষ্কাশন বাধা পাওয়ায় শহরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সেই সঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ।
শেরপুরের পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান বলেন, বিলটিতে এভাবে শহরের বর্জ্য ফেলা জনস্বাস্থ্যের জন্য হুমকি। এর ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। শহরের বাইরে কোথাও বর্জ্য ফেলার ব্যবস্থা করতে তিনি পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পৌরসভার বর্জ্য সংরক্ষণ বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন স্থানে ফেলে রাখা আবর্জনা ও বর্জ্য পৌরসভার ট্রাক ও ভ্যান করে শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে আমনকুঁড়া বিলে ফেলা হয়। দীর্ঘদিন এ অবস্থা চলায় বিলটি প্রায় ভরাট হয়ে গেছে। এখন কোনো রকমে বেঁচে আছে খালটি। এটি শহরের পানি নিষ্কাশন করে মৃগী নদীতে নিয়ে ফেলে। খালটিও ময়লা ফেলার কারণে এবং সংস্কার না করায় সংকুচিত হয়ে পড়েছে। এতে পানিনিষ্কাশন বাধা পাওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে গৃদানারায়ণপুর, নবীনগর, চকপাঠক, রাজবল্লভপুর, মাধবপুর এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেই সঙ্গে বর্জ্যের দুর্গন্ধে বিলটির আশপাশের বাড়িঘরের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা দুর্ভোগে পড়ছে।
গৃদানারায়ণপুর এলাকার মো. আনিসুর রহমান বলেন, শেরপুরের প্রবেশমুখে এভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে যাত্রী ও পথচারীরা দুর্ভোগে পড়ে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, আমনকুঁড়া বিলে পৌরসভার ময়লা-আবর্জনাবাহী ট্রাক থেকে বর্জ্য ফেলা হচ্ছে। বিল-সংলগ্ন ওই এলাকায় জেলা ও দায়রা জজ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনসহ পৌর পার্ক, ক্লাব, টেনিস ক্লাব, হকার্স মার্কেট, কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি অবস্থিত। বিলের অধিকাংশ এলাকা বর্জ্যে ভরাট হয়ে বিশাল ‘ভাগাড়ের’ সৃষ্টি হয়েছে।
পৌর হকার্স মার্কেটের হোটেল ব্যবসায়ী মো. আবদুল মমিন বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধে অনেকে হোটেলে না খেয়েই চলে যান। পৌরসভার লোকজন ময়লা-আবর্জনা নিয়ে এলে এখানে ফেলতে তিনি মানা করেন। তাঁরা শোনেন না। একাধিকবার পৌর কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েও কাজ হয়নি।
মনিহারি ব্যবসায়ী মো. চান মিয়া বলেন, বর্ষাকালে যখন ময়লা-আবর্জনা ফেলা হয়, তখন পচা পানি সড়কের ওপর আসে। প্রচণ্ড দুর্গন্ধে টেকা দায় হয়ে যায়।
এ বিষয়ে পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া প্রথম আলোকে বলেন, শহরের বর্জ্য অপসারণের জন্য শেরপুর পৌরসভায় কোনো ‘ডাম্পিং স্টেশন’ (বর্জ্য ফেলার কেন্দ্র) নেই। এ কারণে অস্থায়ীভাবে আমনকুঁড়া বিলে বর্জ্য ফেলা হচ্ছে। এতে এলাকাবাসীর কিছুটা অসুবিধা হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে শহরের বাইরে একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এ জন্য তিন একর জমি অধিগ্রহণ করতে জেলা প্রশাসনকে ছয় কোটি টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন পৌরসভার কাছে জমি হস্তান্তর করলেই স্টেশন নির্মাণের প্রক্রিয়া শুরু করা হবে।