আমনখেতে আলোর ফাঁদ

আমন ধান রক্ষায় আলোর ফাঁদ পেতেছে কৃষি বিভাগ। ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি জরিপ করতে আমনখেতে স্থাপন করা হচ্ছে আলোর ফাঁদ।
গত সোমবার রাতে কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া গ্রামের কৃষক হামিদুর রহমানের খেতে স্থাপন করা আলোর ফাঁদ পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম শাহরিয়ার। এরপর তিনি রামু ও কক্সবাজার সদর উপজেলায় স্থাপন করা আরও কয়েকটি ফাঁদ ঘুরে দেখেন। এ সময় রামু ও কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী ও এনায়েত ই রাব্বি, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম খানসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষকেরা জানান, ফাঁদ হিসেবে অন্ধকারে বাতি জ্বালানো হয়। বাতি জ্বালালে পোকামাকড় সেদিকে আকৃষ্ট হয়। এরপর সেসব পোকা গিয়ে পড়ে বাতির নিচে রাখা গামলার ভেতরে। গামলায় পানির সঙ্গে থাকে সাবানের ফেনা। ওই ফেনায় গিয়ে বসলে বা পড়লে পোকামাকড় উঠতে পারে না। এরপর ধানের জন্য ক্ষতিকর পোকা শনাক্ত করা হয়।
আ ক ম শাহরিয়ার বলেন, কৃষি বিভাগের কর্মীরা ফাঁদে আটকা পড়া পোকা শনাক্ত করেন। পরে ধান রক্ষায় কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে, সে ব্যাপারে কৃষকদের পরামর্শ দেন। আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে মূলত পোকামাকড়ের উপস্থিতি জরিপ করা হয়। তিনি বলেন, মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ ও উখিয়া উপজেলায় বাদামি গাছফড়িং জাতীয় পোকার আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। মিয়ানমারের গহিন জঙ্গল থেকে এ পোকা আসে। আলোর ফাঁদ বাদামি গাছফড়িং শনাক্ত ও নিধনে ভূমিকা রাখবে। বাদামি গাছফড়িং ধানের জন্য অন্যতম ক্ষতিকর পোকা। এ পোকার আক্রমণে ফসলের ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়।
কৃষি বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত কক্সবাজার সদর, রামু, টেকনাফ, উখিয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ায় স্থাপন করা হয়েছে ১৩৮টি আলোর ফাঁদ। সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিনা মূল্যে এই আলোর ফাঁদ স্থাপনে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। একটি আলোর ফাঁদ স্থাপন করতে খরচ হয় সর্বোচ্চ ৫০০ টাকা।
কৃষি বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত জেলার আট উপজেলায় ৭৬ হাজার ৪৬৫ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। আরও প্রায় ৮০০ একর জমিতে চারা রোপণ হচ্ছে। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে এসব জমির ধান পাকবে। গত বছর জেলায় ৭৭ হাজার ৭৫৩ হেক্টর জমিতে আমন চাষ হয়। এতে চাল উৎপাদিত হয়েছিল ২ লাখ ১০ হাজার ৭৬০ মেট্রিক টন। এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই লাখ মেট্রিক টন।