বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় আমনখেতে ব্যাপক হারে খোলপচা ও পাতা ঝলসানো রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও রোগ নির্মূল করতে না পারায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
আমতলী উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বছর আমতলী ও তালতলী উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হাজার ৫০০ হেক্টর। এর মধ্যে আমতলীতে উফশী জাতের ফসল সাত হাজার ৮৫০ হেক্টর ও স্থানীয় জাতের ১৫ হাজার ৬০০ হেক্টর এবং তালতলীতে উফশী জাতের ফসল চার হাজার ৭৫০ হেক্টর ও স্থানীয় জাতের ফসল ১০ হাজার ২৫০ হেক্টর।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই উপজেলার ১৪টি ইউনিয়নের অধিকাংশ আমনখেতে গত ১৫ দিনে খোলপচা ও পাতা ঝলসানো রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কৃষকেরা জানান, বালাই দমনের জন্য তাঁরা কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বাজার থেকে বিভিন্ন কোম্পানির বালাইনাশক কিনে খেতে প্রয়োগ করেও কোনো ফল পাচ্ছেন না।
আমতলীর চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের কৃষক আবদুল জব্বার মৃধা জানান, আমন ধানের চারায় খোলপচা রোগ আক্রমণ করায় চারার পাতা বিবর্ণ হয়ে গেছে। তারিকাটা গ্রামের কৃষক শহীদুল ইসলাম জানান, খোলপচা ও পাতা ঝলসানো রোগে তাঁর তিন একর জমির চারা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘বাজার থেকে কীটনাশক এনে খেতে দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি।’ বৈঠাকাটা গ্রামের রাজু মিয়া জানান, খোলপচা রোগে তাঁর দুই একর জমির আমনের চারা নষ্ট হয়ে গেছে। পশ্চিম কুকুয়া গ্রামের কৃষক মাইনুদ্দিন জানান, খেতে আমন ধানের রোপা চারার পাতার রং হলুদ হয়ে যাওয়ার পর বাজার থেকে স্কোর, নাতিবো ও ফলিকুর নামের কীটনাশক এনে জমিতে প্রয়োগ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
তালতলীর চরপাড়া গ্রামের জহিরুল ইসলাম বলেন, ‘খোলপচা রোগে খেতের পর খেত নষ্ট অইয়্যা যাইতে আছে। জানি না মোগো এইবার কী দশা অইবে।’ একই গ্রামের মোশারেফ হোসেন বলেন, ‘মোর খ্যাতের চারা পইচ্যা গ্যাছে। কৃষি অফিসের স্যারেগো খবর দিছি কিন্তু হ্যারা আয় নায়।’ মৌপাড়া গ্রামের আলতাফ প্যাদা জানান, এ বছর তিনি পাঁচ একর জমিতে আমন রোপণ করেছেন। এরই মধ্যে দুই একর জমির আমনের চারা নষ্ট হয়ে গেছে। বাজার থেকে কীটনাশক কিনে খেতে দিয়েও কোনো উপকারে আসেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, ‘বেশ কিছু এলাকায় এ রোগ ছড়িয়ে পড়ার খবর পেয়েছি। কৃষকদের কীটনাশক স্প্রে এবং ফাঁদ ও পাচিং পদ্ধতি প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে।’