আমনখেতে খোলপচা রোগ মাজরা পোকার আক্রমণ
অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের খেতে খোলপচা রোগ ও মাজরা পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারে উপজেলার নয়টি ইউনিয়নে ১৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অনাবৃষ্টির কারণে আবাদ হয়েছে ১৪ হাজার ৫৬০ হেক্টর জমিতে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর আমন ধানের চারা রোপণের ভরা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় অনেকে সেচের সাহায্যে চারা রোপণ করেছেন। বর্তমানে আমন ধানের গাছ বেড়ে উঠছে। ঠিক এ সময়ে উপজেলার বিভিন্ন এলাকার আমন ধানের খেতে ব্যাপক হারে খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ কারণে ধানের চারা হলুদ হয়ে ঝলসে যাচ্ছে। কৃষকেরা খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ করছেন। কিন্তু এতে তেমন একটা কাজ হচ্ছে না। উপজেলার সদর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাক, অনন্তরাম গ্রামের আমজাদ হোসেন, পবিত্রঝাড় গ্রামের শহিদুল ইসলাম ও সুখানপুকুর গ্রামের আবদুল ওয়াহাব জানান, আমন ধানের চারা যখনই বেড়ে উঠছে তখনই খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণে ধানের চারাগাছ হলুদ হয়ে যাচ্ছে। ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। কৃষক মোস্তাক মিয়া বলেন, ধারদেনা করে দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। কিন্তু মাজরা পোকায় তা নষ্ট করে ফেলেছে। উপজেলা সদরের বড়পানসিয়া গ্রামের কৃষক আমীর আলী ও হোসেন আলী জানান, অনাবৃষ্টি ও খরার কারণে মাজরা পোকা ও খোলপচা রোগের আক্রমণে সবুজ ধানগাছ ঝলসে যাচ্ছে। উপজেলার তাম্বুলপুর গ্রামের কৃষক ফজলুল হক জানান, নিজের সেচযন্ত্র না থাকায় জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। কান্দি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল প্রামাণিক বলেন, খোলপচা রোগ ও মাজরা পোকা দমনে কৃষকদের কীটনাশক প্রয়োগসহ খেতে বাঁশের কঞ্চি পুঁতে রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মকবুল হোসেন বলেন, উপজেলার সব এলাকায় কমবেশি খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। খোলপচা রোগ প্রতিরোধে এমওপি সার ধানগাছের পাতায় এবং মাজরা পোকা দমনে কীটনাশক স্প্রে করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া খরা মোকাবিলায় বৃষ্টির ওপর নির্ভরশীল না হয়ে আমন ধানের খেতে সেচ দেওয়ার জন্য কৃষকদের বলা হচ্ছে।