আমনখেতে গাছ ফড়িংয়ের আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোপা আমন ধান কাটার চূড়ান্ত সময়ে এসে নওগাঁর বিভিন্ন এলাকায় ফসলের মাঠে বাদামি গাছ ফড়িংসহ মাজরা পোকা, পাতা মোড়ানো ও লেদা পোকার আক্রমণের খবর পাওয়া গেছে।স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে জেলার দু-চারটি ফসলের মাঠে সপ্তাহ দুই আগে বাদামি গাছ ফড়িংয়ের (বিপিএইচ) আক্রমণের খবর পাওয়া গিয়েছিল। ত্বরিত ব্যবস্থা নেওয়ায় বালাই দমন করা সম্ভব হয়েছে। ফলে নতুন করে আর কোনো ফসলের মাঠ বালাই-আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।গত মঙ্গলবার সরেজমিনে জেলার পোরশা, নিয়ামতপুর, ধামুরহাট, পত্নীতলা ও বদলগাছী উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে বালাই-আক্রান্ত ধানখেতে পোকামাকড় দমনে কৃষকদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে মাঠের ব্যাপক এলাকায় বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ দেখা দিয়েছে।বদলগাছীর গাবনা গ্রামের কৃষক ডি এম হোসেনুজ্জামান জানান, গত কয়েক দিনের ব্যবধানে তাঁর সাত বিঘার মধ্যে দুই বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। একই গ্রামের কৃষক মেহেরুল ইসলামের আড়াই বিঘা জমির ধান শুকিয়ে নষ্ট হয়ে গেছে এবং আরও দুই বিঘায় নতুন করে পোকা ধরেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্বাস আলী বলেন, দিন পনেরো আগে পোরশা উপজেলার কালুকান্দর গ্রামের একটি মাঠে প্রথম ওই পোকার আক্রমণের সংবাদ পাওয়া যায়। বিষয়টি জানার পর পোকা দমনের কৌশল ও বালাইনাশক ওষুধ প্রয়োগ সম্পর্কে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। সময়োচিত পদক্ষেপ নেওয়ায় পোকা দমন সম্ভব হয়েছে। পরে একই পদ্ধতিতে জেলার সবখানে গাছ ফড়িংয়ের আক্রমণ সম্পর্কে লিফলেট বিতরণ করে কৃষকদের সতর্ক করাসহ যে জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে সেগুলো কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাড়াতাড়ি বৃষ্টি হলে পোকার আক্রমণ কমবে।