আমনখেতে পোকা, উদ্বিগ্ন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে আমন ধান খেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে বলে কৃষকেরা অভিযোগ করেছেন। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করেও কোনো ফল না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।
তবে কৃষি বিভাগের দাবি, উপজেলায় কোনো আমন খেতে পোকার আক্রমণ দেখা যায়নি। পোকার আক্রমণে আমন খেত নষ্ট হওয়ার পরিসংখ্যানও উপজেলা কৃষি কার্যালয়ে নেই।
গত মঙ্গলবার উপজেলার রাধানগর ইউনিয়নের মানসিংহপুর, লালদীঘি, মুন্সিপাড়া, পাইকাড়পাড়া, বালাপাড়া, দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি, জামালপুর, বটতলী গ্রাম এবং রামনাথপুর ও গোপীনাথপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ আমন খেত হলদে রং ধারণ করেছে। আবার কোথাও পাতা শুকিয়ে ধানগাছ মরে যাচ্ছে।
রাধানগর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের কৃষক আবদুল করিম বলেন, ‘বাবা, কারেন পোকায় এবার মোর কমর (কোমর) ফ্যালে দিচে। মুই মানুষের আড়াই বিঘা (১৫০ শতক) ভুই (জমি) ঠিকা (চুক্তি) নিয়া গুটি স্বর্ণা ধান আবাদ করছু। ধান মাড়াই করি তাকে দিবার নাগবে ৫০ মণ। কিন্তু ধানগাছ কারেন পোকায় খায়া ফেলাইচে। কত কীটনাশক ছিটাচি কোন কাম (কাজ) হয় নাই। এবার ভুইয়োত (জমিতে) কোন ধান নাই। কীভাবে মুই ভুই আওলাক (জমির মালিককে) ধান দেইম?’
ওই কৃষক আরও বলেন, জমি চাষ, আমন রোপণ ও সারসহ পরিচর্যা করতে ওই জমিতে তাঁর খরচ হয়েছে ১৫ হাজার টাকা। তাঁর মতো একই সমস্যায় পড়েছেন একই গ্রামের কৃষক নাসির উদ্দিন, মকবুল হোসেন, খাদিমুল ইসলামসহ অনেকে।
মানসিংহপুর গ্রামের কৃষক আবদুল খালেক বলেন, তিনি কয়েক বছর ধরে অন্যের দুই বিঘা জমি ঠিকা নিয়ে আমন চাষ করে আসছেন। এ জন্য জমির মালিককে প্রতিবছর ৩৫ মণ ধান দিতে হয়। ওই জমিতে গত বছর আমন পেয়েছেন ৮০ মণ। কিন্তু এবার পোকার আক্রমণ দেখা দেওয়ায় ওই জমিতে অর্ধেক পরিমাণ ধানও হবে না।
আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘৪২ শতক জমিতে কোনো ধান নেই। পোকায় খাইচে। গাছ টোপরা নাগি মরি যাওচে। বিভিন্ন কোম্পানির ওষুধ ছিটিয়েও কাজ হয়নি। এখন ধান গাছ কেটে গরুকে খাওয়াচ্ছি। কিন্তু গরুও খেতে চায় না।’
নাম প্রকাশ না করার শর্তে একজন কৃষি কর্মকর্তা বলেন, এবার আমন চাষিদের অবস্থা ভালো নয়। বিশেষ করে গুটি স্বর্ণা জাতের ধান চাষ যাঁরা করেছেন, তাঁদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এই ধানখেতেই কারেন্ট ও মাজরা পোকা আক্রমণ করেছে। কোনো কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান দাবি করেন, আমন খেতের অবস্থা ভালো আছে। তবে খাদ্যের অভাবে কয়েক দিন আগে কিছু জমিতে বিএলবি (পাতা ঝলসানো) রোগ দেখা দিয়েছিল। সে সময় আক্রান্ত জমিতে কৃষকদের পটাশ, থিয়োভিট, জিং ও সালফেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এখন আর সেই সমস্যা নেই।