আমনখেতে রোগ ও পোকা, শঙ্কিত কৃষক
ভোলার বিভিন্ন উপজেলায় আমনের খেতে রোগ, ইঁদুর ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এসব কারণে চলতি বছর ফলনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
গত এক সপ্তাহে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া, চরসামাইয়া ইউনিয়ন ও চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে গিয়ে দেখা যায়, তামাটে ও তলপচা রোগের কারণে অধিকাংশ খেতের মাটি শুকিয়ে গেছে। সবুজ ও হলুদ রঙের আমনগাছে শিষ বের হয়নি। অনেক খেতের গাছ মূল থেকে পচে যাচ্ছে। শিষে ধানের সংখ্যা কম। পাকা একটি শিষে ২০-৩০টি ধানের মধ্যে অধিকাংশ চিটা। আবার যেসব খেতে শিষ বের হয়েছে, তার অধিকাংশ গাছ ও শিষের মাঝ বরাবর পোকা কাটছে। কৃষক বলছে, আক্রমণকারী পোকাগুলো হচ্ছে মাজরা, লেদা, গান্ধী, সবুজপাতা মোড়ানো পোকা ও দিগকাটা পোকা।
উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর সামাইয়া গ্রামের কৃষক মফিজুল ইসলাম ও আবদুস সামাদ বলেন, এবার সার প্রয়োগের পর ধানগাছ সবুজ ও মোটা হওয়ার ১৫ থেকে ১৬ দিন পরে হঠাৎ ধানগাছের রং তামাটে হয়ে যায়। এরপর আস্তে আস্তে পাতা শুকিয়ে গেলেও ধান হচ্ছে না।
মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের কৃষক নোয়াব মাস্টার ও বেলাল আহমেদ বলেন, শিষ বের না হতেই ইঁদুর আমনগাছের মাঝের কাণ্ড ও পাতা কেটে নিচ্ছে।
ইঁদুরের উপদ্রব থেকে ধানগাছ রক্ষার জন্য মনপুরার চারটি ইউনিয়নের কৃষক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ব্যর্থ হয়ে মসজিদে ও বাড়িতে কোরআন ও দোয়া-মোনাজাত করেছেন।
ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ গ্রামের কৃষক হাফিজ লাহরি বলেন, গত বছর যে খেতে একরে ৮০ মণ ধান কেটেছেন, সেই খেতে তাঁর এ বছর ৪০-৫০ মণ ধান হয়েছে। সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের শহিদুল ইসলামসহ সাত উপজেলার ক্ষতির শিকার ২০ জন কৃষক বলেন, অনাবৃষ্টির কারণে আমনখেতের রোগ প্রতিরোধক্ষমতা কমে ইঁদুর ও পোকার আক্রমণ বেড়েছে।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে ভোলায় এক লাখ ৮৩ হাজার ২২০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা তিন লাখ ৬১ হাজার ৫৪৪ মেট্রিক টন চাল। প্রায় তিন হাজার ৩৬৪ হেক্টর আমনখেত পোকা আক্রমণ করেছে। তবে বেশির ভাগ পোকাক্রান্ত খেত ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে তা দমন করতে সক্ষম হয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রামেন্দ্রনাথ বাড়ৈ বলেন, কৃষককে যথাযথ পরামর্শ দিয়ে পোকার আক্রমণ দমন করা হচ্ছে। ফলনের লক্ষ্যমাত্রা পূরণ হবে কি হবে না তা এখনই বলা যাচ্ছে না। আরও দুই সপ্তাহ পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।