আমনচারার সংকটে কৃষক দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন ধান চাষাবাদের মৌসুম শেষ হয়ে এলেও বরগুনার সর্বত্র আমনের চারার সংকট দেখা দিয়েছে। এতে জেলার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। চারার সংকটের কারণে এবার জেলার অনেক জমি অনাবাদি থাকবে বলে আশঙ্কা করছেন তাঁরা। সম্প্রতি টানা বর্ষণ ও জলোচ্ছ্বাসে বরগুনার বেশির ভাগ এলাকার আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে।বরগুনা সদর ও আমতলী উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রাবণ ও ভাদ্র—এই দুই মাস আমন চাষের মৌসুম। চলতি আমন মৌসুমের শুরুতে আষাঢ়ে তাঁরা আমনের বীজতলা তৈরি করেন। কিন্তু সে সময় কয়েক দফা বৃষ্টি আর জলোচ্ছ্বাসে বেশির ভাগ বীজতলা নষ্ট হয়ে হয়ে যায়। পরবর্তী সময়ে শ্রাবণের শুরুতে পুনরায় বীজতলা তৈরি করে কৃষকেরা চারার সংকট মোকাবিলার চেষ্টা করেন। কিন্তু গত ৬ আগস্ট থেকে টানা ১৩ দিনের বর্ষণ ও জলোচ্ছ্বাসে দ্বিতীয় দফায় বেশির ভাগ এলাকার বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পচে যায়।সদর উপজেলার খাজুরতলা গ্রামের কৃষক খলিলুর রহমান বলেন, ‘দুই ফির বীজতলা কইর‌্যা রাখতে পারি নায়, এহন বীজতলা কইর‌্যা হেই চারা রুমু (বপন) কবে? আশ্বিন মাসে চারা রুইলে তো ধান অইবে না। এহন যেই অবস্থা, জাগা খিল (অনাবাদি) থাহনের জোগাড়।’সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুণ অর রশিদ গতকাল রোববার বলেন, ‘আমরা পরিস্থিতি সামাল দিতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। সংকট মোকাবিলায় আমরা জমিতে পাতলা করে চারা রোপণের পরামর্শ দিচ্ছি। এ ছাড়া বিআর-৩২ ও ৩৩ ধানের বীজ স্বল্পমূল্যে কৃষকদের মধ্যে সরবরাহের ব্যবস্থা নিয়েছি। আশা করি, পরিস্থিতি সামাল দিতে পারব।’আমতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গাবতলী গ্রামের কৃষক মতিউর রহমান খান বলেন, ‘এহন কোনো জাগায় বীজ নাই। ধান কিইন্না বীজ করলেও হেইয়্যা বড় অওনের পর আর রোপণের সময় নাই।’উপজেলার কড়ইবাড়িয়ার হেলেঞ্চাবাড়িয়া গ্রামের কৃষক আফজাল হাওলাদার ও ফকু হাওলাদার জানান, দুই দফায় বীজতলা পচে যাওয়ায় তাঁরা বাধ্য হয়ে পাশের ইউনিয়ন থেকে ২০ কেজি ধানের চারা সাড়ে চার হাজার টাকায় কিনে এনেছেন। কিন্তু তাতেও সব জমি চাষ করতে পারবেন না।আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ কুমার মণ্ডল বলেন, ক্রমেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা এরই মধ্যে বিআর-৩২ ধানের ১২ মেট্রিক টন বীজ এনে কৃষকদের সরবরাহ করেছি। তবে বেশ কয়েকটি ইউনিয়নে পরিস্থিতি কিছুটা খারাপ।’ তিনি বলেন, দেরিতে চারা রোপণের কারণে এবার আমন ধান উৎপাদনে কিছুটা ধস নামতে পারে। তবে প্রকৃতি সদয় থাকলে পরিস্থিতি অনুকূলেও যেতে পারে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর বরগুনায় ৯৩ হাজার ৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু গত ৬ আগস্ট থেকে টানা ১৩ দিনের প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসে জেলার বেশির ভাগ আমনের বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে যায়। এতে অধিকাংশ বীজতলার বীজ পচে যায়। বর্তমানে আমন চাষাবাদের মৌসুমের শেষ সময়ে আবার নতুন করে বীজতলা করে তা রোপণেরও সময় নেই। এসব মিলিয়ে এবার জেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।