আমনে খোলপচা রোগ, লেদাপোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপর্যয়ের মুখে পড়েছে যশোরের অভয়নগর উপজেলার আমন ধানের আবাদ। বৃষ্টির অভাবে ধানগাছ থেকে শিষ বের হচ্ছে না। এ ছাড়া খেতে খোলপচা রোগের প্রাদুর্ভাব এবং শিষকাটা লেদাপোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে এবার আমনের উৎপাদন অনেকাংশে কমে যাবে বলে কৃষকেরা আশঙ্কা করছেন। মাটিতে রস না থাকায় অনেক খেতের ধানগাছ শুকিয়ে গেছে। অনেক জায়গায় কৃষক খেতে সেচ দিয়ে ধানগাছ সতেজ রাখার চেষ্টা চালাচ্ছেন। শিষকাটা লেদাপোকার আক্রমণ থেকে রক্ষা পেতে অনেক কৃষক আগাম ধান কাটা শুরু করেছেন। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এবার সাত হাজার ৮০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে উচ্চফলনশীল (উফশী) জাতের ধান সাত হাজার ৫০০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩৭৫ হেক্টর। চাষ হয়েছে আট হাজার ৬৫ হেক্টর জমিতে। খোলপচা রোগ, ধানগাছ থেকে শিষ বের না হওয়া এবং পোকার আক্রমণে কত হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তার কোনো পরিসংখ্যান কৃষি কার্যালয়ে নেই। আবাদ করা ওই পরিমাণ জমিতে ৩৯ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদিত হওয়ার কথা। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ধান উৎপাদন হবে বলে কৃষকেরা জানিয়েছেন। তবে আমনের খেতে এসব সমস্যা উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। তিনি জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মাটিতে রস কমে গিয়ে কিছু খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য কৃষকেরা খেতে সেচ দিচ্ছেন। এ ছাড়া সবুজপাতা ফড়িংয়ের আক্রমণ বেশি ছিল। এবার খোলপচা রোগের প্রাদুর্ভাব নেই। তবে পাকা ধানে কিছুটা শিষকাটা লেদাপোকার আক্রমণ আছে।ভাটপাড়ার কৃষক বিষ্ণুপদ দাস বলেন, ‘বারো কাঠা জমিতে ব্রি-৩০ এবং আট কাঠা ব্রি-১০ জাতের ধান লাগিয়েছিলাম। জলের অভাবে ধানগাছ থেকে শিষ বের হচ্ছে না। এবার একমুঠোও আমন ধান হবে না।’ নওয়াপাড়া গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, ‘আমার সাড়ে ছয় বিঘা জমির মধ্যে দেড় বিঘা জমির ধান খোলপচা রোগে একেবারেই শেষ হয়ে গেছে।’বগুড়াতলা গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘শিষকাটা পোকা ব্যাপক হারে ধানের শিষ কেটে দিচ্ছে। পোকায় যাতে বেশি শিষ না কাটতে পারে, সে জন্য আমার তিন বিঘা জমির ব্রি-৩৯ জাতের ধান কেটে রোদে শুকাচ্ছি।’ উপসহকারী কৃষি কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস বলেন, ‘ধানগাছ থেকে শিষ বের হওয়ার সময় জমিতে রস থাকা অপরিহার্য। জমিতে রস না থাকলে গাছ যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়ে থাকে। শিষ বের হতে পারে না। দীর্ঘদিন এই অবস্থায় থাকলে গাছ শুকিয়ে মরে যায়।’