খোলপচা রোগের প্রকোপ কাটিয়ে উঠতে না উঠতেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আমনখেতে ব্যাপক হারে পাতামোড়ানো পোকার আক্রমণ ও পাতাঝলসানো রোগ দেখা দিয়েছে। পোকার আক্রমণ ও রোগের কবল থেকে ফসল রক্ষায় চাষিদের কীটনাশক কিনতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উপজেলায় আমনের অবস্থা এবার খুব ভালো। এবার আগস্ট ও সেপ্টেম্বরে প্রয়োজনীয় বৃষ্টি হচ্ছে। তাই আমনখেতে পোকার আক্রমণ ও পাতাঝলসানো (ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, বিএলবি) রোগ এখন সহনীয় পর্যায়ে রয়েছে।
উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক পরেশ চন্দ্র রায় বলেন, ‘আমার এক বিঘা গুটিস্বর্ণ ধানে খোলপচা রোগ কিছুটা কমেছে। কিন্তু এখন গাছের পাতাগুলো মুড়িয়ে আসছে। পাতা ফাটালে ভেতরে ডিম দেখা যাচ্ছে। মাঝে মাঝে ধানের পাতাগুলো শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে।’ মসলন্দপুর গ্রামের বকুল চন্দ্র বলেন, ‘খোলপচা থেকে মুক্তি পেয়েছি। এখন পাতামোড়ানো আর বাদামি গাছ ফড়িংয়ের (কারেন্ট পোকা) আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক কিনে ক্লান্ত হয়ে গেছি। ১০ বিঘা ধানের জন্য এত টাকা খরচ করতে হলে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। এতে আবাদ করে লাভ আর টিকবে না।’
একই ধরনের রোগবালাইয়ের কথা বলেন শিবপুর গ্রামের আবু রায়হান ও নুরুল ইসলাম, মসলন্দপুরের সুরেশ চন্দ্র, ওমর ফারুক ও ছবিলাল রায়, বনুয়াপাড়ার মো. আফজাল, বেতুরি গ্রামের মোজাম্মেল হক, দলপতিপুর গ্রামের মোজাহারুল ইসলাম, সিঙ্গারোল গ্রামের দোল গোবিন্দসহ ২০-২৫ জন কৃষক।
চাষিরা জানান, উপজেলার কোষারানীগঞ্জ, দৌলতপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, জাবরহাট ও খনগাঁও ইউনিয়নের ব্যাপক এলাকার আমনখেতে এ পোকার আক্রমণ ও রোগবালাই দেখা দিয়েছে। এসব ইউনিয়নের শিবপুর, ভুরভুষিকালি, থুমনিয়া শাহা পাড়া, মণ্ডলপাড়া, মসলন্দপুর, নিয়ামতপুর, বনুয়াপাড়া, কাস্তোর, কাঠালবাড়ি, সূর্যপুর, খাকড়া বিল, জিয়ালবিল, সেনগাঁও বিল, সেতরাপাড়া, মাটিয়ানী বিল, দানাজপুর বিল, ঘিডোব কান্দর, চাপোড় কান্দরসহ বিভিন্ন বিল, কান্দর ও খাড়ি এলাকায় এর প্রাদুর্ভাব বেশি। ভাদ্র মাসের তৃতীয় সপ্তাহ থেকে এ রোগ দেখা যাচ্ছে বলে চাষিরা জানান।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২৪ হাজার ৭৫০ হেক্টরে আমন ধানের চাষ হয়েছে। এসবের মধ্যে বিআর-১১, ৩০, ৩১ ও ৪১, গুটি, রণজিৎ ও সুমন স্বর্ণসহ উফশী, স্থানীয় ও হাইব্রিড জাতের ধান রয়েছে।
আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ উপজেলার একাধিক উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, রোদ ও ভাপসা গরমের কারণে রোপা আমনখেতে বিভিন্ন রোগবালাই দেখা দেওয়া স্বাভাবিক। তবে ভারী বর্ষণ হলে এবং খেতে ওষুধ প্রয়োগ করা গেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব।