আমনে পোকা দমনে ‘পার্সিং পদ্ধতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে আমনখেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে জমিতে কিছু দূর পরপর গাছের ডাল পুঁতে দিচ্ছেন। ওই ডালগুলোতে বিভিন্ন রকমের পাখি বসছে এবং ধানখেতের পোকা খেয়ে ফেলছে। এভাবে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষা পাচ্ছে।ফসলের জমিতে পাখি বসার উপযোগী ডাল পুঁতে পোকা দমন করার এই পদ্ধতির নাম পার্সিং বলে কৃষিবিদেরা জানিয়েছেন। অল্প সময়ের মধ্যে পদ্ধতিটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।আমতলী উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৮ হাজার ২০০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। আমন ধানের অধিকাংশ জমিতেই পোকার আক্রমণ শুরু হয়েছে। উপজেলার চুনাখালী গ্রামের কৃষক নাসির উদ্দিন বলেন, ‘মোগ গ্রামের হগল জমিতে পোকের আক্রমণ হইছে। এ বছর চারা লইয়া এমনেতেই মোরা ধরা খাইছি। বিষ কেনার মতো টাহা নাই। কৃষি স্যাররা জমিতে গাছের ডাল পুঁইতা দিতে কইছে। মোরা ভালো উপকার পাইতাছি।’আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, আমতলীর কৃষকদের কাছে পোকা দমনের পার্সিং পদ্ধতি একেবারেই নতুন। প্রায় ২০০ হেক্টর জমিতে ইতিমধ্যে পার্সিং পদ্ধতিতে পোকা দমন করা হচ্ছে। এটা পরিবেশবান্ধব এবং এই পদ্ধতি ব্যবহারে জমিতে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার কমবে।