আমনে রঙিন কৃষকের মন
আবহাওয়া অনুকূলে থাকায় মানিকগঞ্জের সাত উপজেলায় এ বছর আমন ধানের ভালো ফলন হয়েছে। ধান কাটা প্রায় শেষ। মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। সোনালি ধানে রঙিন হয়েছে কৃষকের মুখ। ফুটেছে হাসি।
কৃষি কর্মকর্তা ও কৃষকেরা জানান, বোরো ধান কাটার পরপরই বর্ষা এসে যায়। তখনই আমন রোপণ করতে হয়। আমনের জন্য বৃষ্টির পানি প্রয়োজন। কিন্তু অতিরিক্ত বন্যার পানি আবার ক্ষতিকর। এবার প্রয়োজন অনুযায়ী বৃষ্টি হওয়ায় এবং খুব একটা বন্যা না হওয়ায় আমনের ফলন ভালো হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, দেশে ১১, ৪৮, ৫১ ও ৫২ নম্বরের উন্নত জাতের আমনের চাষ হয়ে থাকে। এর মধ্যে ফলন বেশি হওয়ায় ১১ জাতের চাষাবাদ হয় বেশি। এ বছর জেলার নয় হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়।
সাটুরিয়া উপজেলার ভাটরা গ্রামের কৃষক জামির উদ্দিন বলেন, গত বছর তিনি তিন বিঘা জমিতে আমন রোপণ করে ৬০ মণ ধান পান। এ বছর আবাদ ভালো হওয়ায় একই জমিতে এবার তিনি ৮০ মণ ধান পাবেন বলে আশা করছেন।
একই রকম আশাবাদের কথা জানালেন সদর উপজেলার দীঘি গ্রামের কৃষক হামেদ আলী। তিনি বলেন, এ বছর ছয় বিঘা জমিতে আমনের আবাদ করেছেন। গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি চার থেকে পাঁচ মণ ধান বেশি পাবেন।
কৃষকেরা জানান, এক বিঘা জমিতে ১১ নম্বর জাতের আমন আবাদে বিঘাপ্রতি খরচ হয় চার থেকে পাঁচ হাজার টাকা। এতে ফলন পাওয়া যায় ১৮ থেকে ২২ মণ। কীটনাশক খুব একটা প্রয়োজন না হওয়ায় আমন আবাদে কেবল বীজ ও ফসল তোলায় যা খরচ হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মামুন-উর রশিদ বলেন, এ বছর প্রচুর বৃষ্টি হওয়ায় গতবারের তুলনায় আমনের আবাদ বেশি হয়েছে। অন্যান্য ধানের চেয়ে আমন আবাদে খরচ ও পরিশ্রম কম। ফলে কৃষকদের লাভও হচ্ছে বেশি। এ ছাড়া আমনের ভাত ও পিঠার কদরও বেশি।