আমনে লোকসান, কৃষকের গরু ছাগল গাছ বিক্রি
যশোরে আমন ধান চাষ করে আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষক। বর্তমানে প্রতি মণ ধান যে দামে কেনা-বেচা হচ্ছে, তার চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি উৎপাদনে খরচ হয়েছে। এ কারণে যশোর অঞ্চলে অনেক কৃষককে গরু-ছাগল ও গাছ বিক্রি করে এবং সমিতি থেকে ঋণ নিয়ে সার-কীটনাশক ও ডিজেলের দোকানে বকেয়া মেটাতে হচ্ছে।বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত ২০ জন কৃষক ইতিমধ্যে গরু ও গাছ বিক্রি করে এবং সমিতি থেকে ঋণ নিয়ে বকেয়া পরিশোধ করেছেন। উপজেলার হিংগারপাড়া গ্রামের কৃষক জিকরুল আলম জানান, বীজতলা তৈরি থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয়েছে ১০ হাজার ২০০ থেকে ১০ হাজার ৫০০ টাকা। প্রতি বিঘায় গড়ে উৎপাদন হয়েছে ১৫ মণ। বর্তমান বাজারে ৫০০ থেকে ৬০০ টাকা দরে প্রতি মণ ধান বেচতে হচ্ছে। সেই হিসাবে গড়ে বিঘায় প্রায় দুই হাজার টাকা লোকসান হচ্ছে। প্রতি মণে লোকসান হচ্ছে প্রায় ১৫০ টাকা।কৃষক জিকরুল আলম বলেন, ‘এ বছর চার বিঘা জমিতে আমন ধানের চাষ করিলাম। ধান বেচতি যাইয়ে দেখলাম, চোখের সামনে প্রতি মণে ১০০ থেকে ১৫০ টাকা লোকসান হচ্ছে। তার পরও দেনা-দাইক শোধ করার জন্য কিছু ধান বেচলাম। আর একটা গরু বেইচে সার ও ডিজেলের দোকানে হালখাতার টাকা শোধ করলাম।’কৃষক ওয়াজেদ বিশ্বাস বলেন, ‘লোকসানে ধান বেচতি চাইনি। তায় বসতবাড়ির মেহগনি, জাম আর খেজুর গাছ বিক্রি করে হালখাতার টাকা দিতি হয়েচে। যেসব গাছ ২০ হাজার টাকায় বেচলাম, তা আগামী বছর ৪০ হাজার টাকায় বিক্রি হতো।’এ ছাড়া উপজেলার গরিবপুর গ্রামের স্কুলশিক্ষক সিদ্দিকুর রহমান, হিংগারপাড়া গ্রামের জাফর বিশ্বাস, সাত্তার বিশ্বাস, কামাল হোসেন ও কবির হোসেনসহ অন্তত ২০ জন কৃষক উপায় না দেখে গাছ ও গরু-ছাগল বিক্রি করে কৃষিপণ্যের দোকানের হালখাতার টাকা শোধ করেছেন বলে জানা গেছে।বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের ধানব্যবসায়ী আনিছুজ্জামান জানান, গতকাল শনিবার মোটার মধ্যে গুটি স্বর্ণ ধান ৫২০ থেকে ৫৪০, ব্রি-২৩ ধান ৫০০ থেকে ৫৪০ টাকায় এবং চিকনের মধ্যে ব্রি-১০ ধান ৫৮০ থেকে ৬২০ টাকা দরে বেচা-কেনা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হেমায়েত হোসেন জানান, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় কৃষককে অতিরিক্ত সেচখরচ দিতে হয়েছে। তা ছাড়া আবাদ-খরচ কমানোর জন্য কৃষকদের যে পরামর্শ দেওয়া আছে, অনেক কৃষক তা মানেননি। ফলে তাঁদের খরচ বেশি পড়েছে।